ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে নুরুল মো. ইসলাম নামের এক সাধারণ সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিলের দাবিতে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি সাধারণ সদস্য প্রার্থী নয়ন মিয়া গত বুধবার এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাধারণ সদস্য প্রার্থী মো. নুরুল ইসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ধর্মপাশা সদর ইউনিয়নের একজন বীজ ডিলার। নির্বাচনী বিধিমালা ২৬ ধারার ৩ উপ-ধারার (ছ) দফা অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পরিবারের ওপর নির্ভরশীল কোনো সদস্য সংশ্লিষ্ট পরিষদের কোনো কাজ সম্পাদনের বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন বা এর জন্য নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশীদার হন বা সংশ্লিষ্ট পরিষদের কোনো বিষয়ে তাঁর কোনো প্রকার আর্থিক স্বার্থ থাকে বা তিনি সরকার কর্তৃক নিযুক্ত অত্যাবশ্যক কোনো দ্রব্যের ডিলার হন তাহলে চেয়ারম্যান বা সদস্য প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হন।
সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম জানান, ডিলার হলে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা যায় না এমনটি তিনি জানেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান জানান, মনোয়নপত্র যাছাই বাছাইয়ের তিন দিনের মধ্যে যদি প্রার্থীতা গ্রহণের বিরুদ্ধে আপত্তি জানানো হতো তাহলে আপিল কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত দিতে পারতো। এখন আপিল কর্তৃপক্ষেরও কিছু করার নেই।