ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে সুনামগঞ্জের ধর্মপাশায় তিনটি হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় তিনটি হাওরের মধ্যে ধানকুনিয়া ও সোনামড়ল হাওরের দুটি উপ-প্রকল্পের কাজ উদ্বোধন করেন উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পওর-২) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ। অপরদিকে চন্দ্রসোনার থাল হাওরে ওইদিন সকাল ১১টায় আরও একটি উপ-প্রকল্পের কাজ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.এ রেজা পহেল, উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির গণমাধ্যম সদস্য সমকাল প্রতিনিধি এনামুল হক।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পওর-২) উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম বলেন, এ বছর ধর্মপাশা উপজেলার আটটি হাওরে ১১৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ করা হবে। এ কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।