ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানকুনিয়া হাওরে ৫ নম্বর প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, সমকাল সাংবাদিক এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. একতার হোসেনসহ আরো অনেকেই। পরে হাওরে সুষ্ঠুভাবে বাঁধের কাজ সম্পাদনের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। এবার ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা, সোনামড়ল, গুরমা, গুরমার বর্ধিতাংশ, ঘোড়াডোবা, কাইলানীসহ ৮টি হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজ করবে পানি উন্নয়ন বোর্ড।