ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগরের রামদিঘায় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে মাটিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় মধ্যনগর থানায় মামলা হয়েছে। ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত রণজিৎ সরকারের ছোট ভাই রিপন সরকার বাদী হয়ে রামদিঘায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে জড়িত সংশ্লিষ্ট ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে কাজে গাফিলতি এবং অনিয়মের অভিযোগ এনে এ মামলা করেন।
তবে কবে এ মামলা করা হয়েছে এ নিয়ে মধ্যনগর থানার ওসি ও মামলার তদন্তকারি কর্মকর্তা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। ওসি মো. মাজহারুল হক বলছেন, গত মঙ্গলবার এবং তদন্ত কর্মকর্তা থানার এসআই লোকমান হোসেন জানিয়েছেন গত সোমবার এ মামলা করা হয়েছে।
ঘটনার শুরু থেকেই মধ্যনগর থানা পুলিশ নানানভাবে পল্লীবিদ্যুতের লোকজনদের সাহায্য করে আসছিল বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন। থানা পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই সৎকার করার নির্দেশ দিয়েছিল ওইদিন। থানা পুলিশ ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ওইদিন একই সাথে ঘটনাস্থল ত্যাগ করেছিল।
এ ঘটনা তদন্তের জন্য নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল। ওই তদন্ত কমিটি এ ঘটনাকে একটি দুর্ঘটনা বলে প্রতিবেদন দিয়েছেন বলে জানান নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মুজিবুর রহমান।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই লোকমান হোসেন জানান, সংশ্লিষ্ট ঠিকাদার ও তাঁর লোকজনদের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ এনে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রামদিঘাসহ এ উপজেলায় ৩৪টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়। কিন্তু গত ২৬ এপ্রিল সকালে হঠাৎ পল্লীবিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে মাটিতে পড়ে বিদ্যুতায়িত তারে জড়িয়ে রামদিঘা গ্রামে জগদীশ সরকার (৭৫), ছেলে রণজিৎ সরকার (৪৫), পুত্রবধু রিতা সরকার (৩৫) ও রাকেশ দাসের মেয়ে সোনালী দাস (১০) নিহত হন।