- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে’

এনামুল হক এনি, ধর্মপাশা
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘দেশে বর্তমানে বিদেশের চেয়ে অনেক বেশি উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন। আজ দেশে মেয়েরা পুলিশ, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীতে কাছ করছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।’ শনিবার দুপুরে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রাম সংলগ্ন মাঠে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৩৪টি গ্রামের ৫ হাজার ৭টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে যদি নৌকা পাস না করে তাহলে আমরা আলো পাব না। নির্বাচনে নৌকার চেয়ারম্যানকে পাস করাতে মানুষের ঘরে ঘরে যেতে হবে। নৌকা আমাদের ধান, খাদ্য, বাতি, আলো ও শিক্ষা দিচ্ছে এসব কথা বলতে হবে।’
তিনি তাঁর বক্তব্যে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে   ‘ধর্মপাশায় পল্লী বিদ্যুতের একটি জোনাল অফিস ও মধ্যনগরে একটি অভিযোগ কেন্দ্র স্থাপন করা হবে’ বলে আশ্বস্থ করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য সুনীল চন্দ্র দে, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, আবু তাহের, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরফান আলী তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সহ-সভাপতি মহিউদ্দিন কনিক, মুহিত লাল তালুকদার মুন প্রমুখ।

  • [১]