- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় মাথায় ছাতা দিয়ে চলছে দাপ্তরিক কাজ

ধর্মপাশা প্রতিনিধি
বাইরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পানি ছাদ চুুঁইয়ে পড়ছে ভবনের ভেতর। দাপ্তরিক প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র বৃষ্টির পানি থেকে রক্ষা করতে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই ভবনের ভেতরে মাথায় ছাতা দিয়ে কাজ করতে দেখা গেলো ধর্মপাশা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানকে। বুধবার সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ চত্বরে ইউটিডিসি ভবনে গিয়ে এমন চিত্র দেখতে পাওয়া যায়। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পানি ছাদ থেকে কার্যালয়ের ভেতরে পড়ছে। তাই বাধ্য হয়ে ছাতা টানিয়েছি। এটি নতুন কিছু নয়।’
ভবনটি ঘুরে দেখা যায়, এভাবে উপজেলা সমবায়, যুব উন্নয়ন, ভূমি জরিপ, মৎস্য কার্যালয়, আনসার ভিডিপি, পরিসংখ্যান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় এই ভবনের ছাদের বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে পড়েছে। সামান্য বৃষ্টিতে প্রতিটি কার্যালয়ের ভেতরে পানি ঝরে      
পড়ে। ফলে দাপ্তরিক বিভিন্ন কাগজপত্রসহ সেখানে থাকা আসবাবপত্র বিনষ্ট হচ্ছে। ফলে এই ভবনে ছয়টি দপ্তরের কার্যক্রম মারাত্মভাবে বিঘিœত হচ্ছে। তাই এই ভবনটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কালাম ফরায়জি বলেন, ‘আমি এখানে আরো আগে দুই বছর চাকরি করেছি। তখনও এই ভবনের এমন অবস্থা ছিল এখনও আছে। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার উত্থাপন করেছি কিন্তু সংশ্লিষ্টদের এ ব্যাপারে কোনো গুরুত্ব নেই। ঝুঁকি নিয়ে অফিস করছি।’
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘অফিসের ভেতরে পানি পড়ায় দাপ্তরিক কাজে ব্যঘাত ঘটে। কিন্তু কেন যে এর সংস্কার কাজ হচ্ছে না তা বুঝতে পারছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘এই ভবনের ছাদ থেকে পানি পড়ে তাই এটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

  • [১]