ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ১০৫ জন মুক্তিযোদ্ধা ও নয়জন মৃত মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলার বিদায়ী পুলিশ সুপার ও উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি গ্রামের বাসিন্দা বিপ্লব বিজয় তালুকদারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে তাঁর নিজ বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সেলবরষ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূর হোসেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার, বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান মিঠু প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে গেঞ্জি ও লুঙ্গি এবং মৃত নয়জন মুক্তিযোদ্ধার পরিবারকে একটি করে গেঞ্জি ও শাড়ি প্রদান করা হয়।