ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমু।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচএম ওয়াসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। সম্মেলনে মো. আল আমিনকে সভাপতি ও হাসান আহমেদ কামরানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
গত ১৬ জুলাই উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অপরাংশের নেতাকর্মীরা আহ্বায়ক জুবায়ের পাশা হিমুকে বাদ দিয়ে সদর ইউনিয়ন যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন। এই আহ্বায়ক কমিটির উদ্যোগে রোববার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ধর্মপাশা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আহমেদ। এতে আল আমিনকে সভাপতি ও রিপন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আকিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, শাহ আব্দুল বারেক ছোটন, সাফায়েত হোসেন লিটন, মনুজেন্দ্র চৌধুরী টিংকু, সদস্য তরিকুল ইসলাম পলাশ, আব্দুল মুকিত, মোস্তাক আহমেদ, জাকির আলম হাবলু, নূর নবী হাসান, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মজুমদার, মোশারফ হাসান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিউদ্দিন কনিক, ছাত্রলীগ নেতা আল আমিন, পাইকুরাটি ইউয়িন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক এরশাদ আখন্দ প্রমুখ।
ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে কিছুটা মতবিরোধ রয়েছে জানিয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ গণমাধ্যমকে জানান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ককে বাদ দিয়ে ওয়ার্ড বা ইউনিয়নে কোনো কমিটি ঘোষণা করা অগঠনতান্ত্রিক।