ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় রেললাইন সম্প্রসারণ ও রেলওয়ে স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচিত পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপ ‘ধর্মপাশার দাবি’র সহযোগিতায় ‘ধর্মপাশা রেলওয়ে স্টেশন বাস্তবায়ন আন্দোলন কমিটি’ ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
নেত্রকোনার মোহনগঞ্জ হতে ধর্মপাশায় রেললাইন সম্প্রসারণ করে ধর্মপাশায় রেলওয়ে স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়ে মানববন্ধনে
বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এনামুল হক এনি, চয়ন কান্তি দাস, আহ্বায়ক আপন দেবনাথ, সদস্য সচিব জাকির তালুকদার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সাংবাদিক জুবায়ের পাশা হিমু, সাইফুর রহমান কাঞ্চন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা সদর বাজারে এক মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশরাফুল উলুম হাফিজিয়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
কর্মসূচিতে ধর্মপাশা উদীচী শিল্পীগোষ্ঠী, ধর্মপাশা কালচারাল সোসাইটি, আমরা ধর্মপাশাবাসী ও ধর্মপাশা সাহিত্য পরিষদ ও ধর্মপাশা শিশু কিশোর সংগঠন সংহতি প্রকাশ করে।