ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রাণী দাস ও মনি রাণী তালুকদারকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের বিতর্কিত ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খানের সভাকক্ষে আয়োজিত উপজেলা শিক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। এ সময় বিদ্যালয় পরিচালনার জন্য উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়ালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন জানান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার ও শিক্ষকদের মধ্যে নানান বিষয়ে মতবিরোধ থাকায় বতর্মান ম্যানেজিং কমিটি বাতিল করার জন্য সভায় প্রস্তাব করেন তিনি। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হবে।
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউএনও মোহাম্মদ নাজমুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সাবিকুন্নাহার শিল্পী, ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিনিধি যতীন্দ্র চন্দ্র সরকার, শিক্ষক প্রতিনিধি শাহজাহান কবির প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ মার্চ ওই বিদ্যালয়ের সভাপতি সর্বানন্দ তালুকদার তাঁর লোকজনকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী রাণী দাস ও সহকারি শিক্ষক মনি রাণী তালুকদারকে বেধরক মারধর করেন।