এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতন করার ঘটনায় সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বুধবার ওই বিদ্যালয়ের সম্প্রতি বাতিল হওয়া ম্যানেজিং কমিটির সভাপতি সর্বানন্দ তালুকারসহ পাঁচ জনকে আসামি করে লাঞ্ছিত শিক্ষিকা বাদী হয়ে এই মামলা করেন। মামলার অন্য আসামীরা হলেন- কমল তালুকদার, লিটন তালুকদার, রেন্টু সরকার ও মুহিত লাল তালুকদার ওরফে মুন তালুকদার।
গত ৩ মার্চ সর্বানন্দ তালুকদার তাঁর লোকজনকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী রাণী দাস ও সহকারি শিক্ষক মনি রাণী তালুকদারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করে বিদ্যালয় থেকে বের করে দেন।
দিপালী রাণী দাসের আইনজীবি অ্যাড. আব্দুল করিম জানান, ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদেশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য. আসামী মুহিত লাল তালুকদার ওরফে মুন তালুকদার ধর্মপাশা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক।