ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রাণী দাস ও সহকারি শিক্ষক মনি রাণী তালুকদারকে লাঞ্ছিত ও নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলায় চারজন আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
গত ৯ মার্চ ওই বিদ্যালয়ের বাতিল হওয়া পরিচালনা (ম্যানেজিং) কমিটির সভাপতি সর্বানন্দ তালুকারসহ পাঁচ জনকে আসামি করে প্রধান শিক্ষক দিপালী রাণী দাস বাদী হয়ে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।
গত ৩ মার্চ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি সর্বানন্দ তালুকদার তাঁর লোকজনকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী রাণী দাস ও সহকারি শিক্ষক মনি রাণী তালুকদারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করে বিদ্যালয় থেকে বের করে দিয়েছিলেন। এ ঘটনায় স্থানীয় শিক্ষক মহলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
ঘটনার প্রতিবাদ জানিয়ে গত ৬ মার্চ দুপুরে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। গত ৮ মার্চ দুপুরে উপজেলা শিক্ষা কমিটির এক জরুরী সভায় সর্বানন্দ তালুকদারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। পরে ১০ মার্চ ওই দুইজন শিক্ষককে মারধরের প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল করিম জানান, ট্রাইবুনাল বৃহস্পতিবার এ মামলার চারজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।