ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় চার বছর বয়সী শিশু শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সালাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সালাউদ্দিন উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের বাসিন্দা। ওই শিশুটির মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন দেওলা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘ বছর ধরে উপজেলা সদরে বসবাস করে আসছে। প্রতিবেশী সূত্রে সালাউদ্দিন প্রায়ই ওই শিশুটির ঘরে আসা যাওয়া করতো। গত শনিবার সকাল সাড়ে ১১টায় শিশুটিকে তাদের (শিশু) বসত ঘরে একা পেয়ে বিভিন্নভাবে যৌন হয়রানি করে সালাউদ্দিন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে শিশুটির মা রান্নাঘর থেকে ছুটে আসলে সালাউদ্দিন পালিয়ে যায়। শিশুটির মা এ নিয়ে ধর্মপাশা থানায় অভিযোগ জানালে ওইদিন সন্ধ্যায় সালাউদ্দিনকে উপজেলা সদর থেকে আটক করে পুলিশ। পরে ওইদিন রাত সাড়ে ১২টায় শিশুটির মা বাদী হয়ে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এ মামলায় সালাউদ্দিনকে গ্রেফতার দেখানো হয়। পরে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম বলেন, ‘শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য সুনামগঞ্জ আদালতে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’