ধর্মপাশা প্রতিনিধি
দীর্ঘ বছর ধরে তালাবদ্ধ থাকা ধর্মপাশা উপজেলা গণপাঠাগার চালু করেছে প্রশাসন। বিজয় দিবস উপলক্ষে বুধবার দুপুরে এর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদার, সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে প্রমুখ।
বই চুরিকে কেন্দ্র করে ২০০৮ সালের ১০ মার্চ এ গণপাঠাগার বন্ধ হয়েছিল। তখন থেকেই এটি চালুর জন্য স্থানীয় শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রশাসনের প্রতি দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। গত ৫ অক্টোবর পাঠাগারটি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তখন এ নিয়ে ইউএনও মো. মুনতাসির হাসানের সাথে কথা বললে ইউএনও পাঠাগার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বিজয়ের দিনে পাঠাগারটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।