ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সুজাগীর আহমেদ (১০) নামের সেই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার ভোর পাঁচটার দিকে তাকে উপজেলার বৌলাইগঞ্জ বাজার সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা আ. আউয়ালের
ছেলে এবং গোলকপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সুজাগীর গত বুধবার সকাল সাড়ে আটটার দিকে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর বৌলাই নামক অংশে সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালালেও ওই ছাত্রের সন্ধান মেলেনি।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, ‘সুখাইড় রাজপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’