ধর্মপাশা প্রতিনিধি
অবশেষে ধর্মপাশা উপজেলার প্রাক প্রাথমিকের ২২ জন হিন্দু ধর্মাবলম্বী সহকারি শিক্ষকের উৎসব ভাতার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর পরিচালক (অর্থ) মহেশ চন্দ্র রায় স্বাক্ষরিত বরাদ্দের একটি চিঠি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ই-মেইলে পৌঁছেছে।
জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে নির্ধারিত সময়ে বরাদ্দের জন্য চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে না পাঠানোর কারণে ওই সকল শিক্ষকের উৎসব ভাতার বরাদ্দ আসেনি। ফলে ওই সকল শিক্ষকের উৎসব ভাতা টাকা পাওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষকেরা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন। পরে গত সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয় বলে জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৩ এর হিসাবরক্ষণ কর্মকর্তা মৃত্যুঞ্জয় সাহা রায়।
রাধানগর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিতেশ চন্দ্র সরকার বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে আমাকে ফোনে জানানো হয়েছে ভাতার টাকা বরাদ্দ এসেছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘শিক্ষকেরা ভাতার টাকা না পাওয়ার বিষয়টি আমাকে জানালে আমি সংশ্লিষ্টদের সাথে কথা বললে সোমবারই শিক্ষকদের ভাতার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সুনামগঞ্জের খবর এ ‘ধর্মপাশায় পূজার আগে উৎসব ভাতা পায়নি ২২ শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।