- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় স্কুল ছাত্রীকে শরবত খাইয়ে অপহরণের চেষ্টা

ধর্মপাশা প্রতিনিধি
‘আমি ইসকুলে যাওনের সময় রাস্তায় হঠাৎ কইরা একটা বোরকা পড়া মহিলা আইয়া কয় তুই আমার মাইয়ার মত। আমি তোরে শরবত দিতাছি। তুই এই শরবত খাইলে আমার ভালা লাগবো। আমি শরবত না খাইতে চাইলেও আমারে জোরাজোরি করে। পরে আমি কিছু না বুইঝ্যাই প্লাস্টিকের বোতলে ভরা শরবত খাই। শরবতটা তিতা লাগছিল। শরবত খাওনের পরেই আমার মাথাডা কেমন চক্কর দিয়া উডে। পরে মহিলাডা আমারে একটা ভটভটিতে উডাইয়া কয় তোর নাম নিপা, বাবার নাম কামরুল, গ্রামের নাম নোয়াগাঁও। মহিলা যেখানে যায় তার সাথে সাথে যাওয়ার কথা আমারে কয়। এর পরে কিতা অইছে আর কইতাম পারিনা।’
বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশায় থানায় কাঁপা কাঁপা গলায় এভাবে কথাগুলো বলছিল, উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মিয়ন মিয়ার মেয়ে তানজিলা আক্তার। তানজিলা ওইদিন দুপুরে উপজেলার হাসপাতাল সড়কে এলোমেলোভাবে ঘুরাফেরার করার সময় তার অসংলগ্ন আচরণ প্রত্যক্ষ করে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের তন্ময় আহমেদ নামের এক শিক্ষার্থী ও তার বন্ধুরা। পরে তানজিলাকে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে মেয়েটির পরিচয় পাওয়া যায়।
তানজিলা চারু ও কারুকলা বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল। দুপুরে স্থানীয় ফজলুল হক সেলবর্ষী সড়কে এলে অপরিচিত এক মহিলা তাকে শরবত খাইয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ধর্মপাশা থানার ওসি মো.গোলাম কিবরিয়া জানান, এটি নারী পাচারকারি চক্রের কাজ হতে পারে। তানজিলার পরিচয় পাওয়ার পর ওইদিন বিকেলে তার অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

  • [১]