- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশায় স্বেচ্ছাশ্রমে চলছে বাঁধের কাজ

এনামুল হক এনি, ধর্মপাশা
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাতারিয়া-পাথারিয়া হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। ফলে বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ওই হাওরের ৪শ হেক্টর জমির ফসল যে কোনো সময় তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমির ফলস রক্ষায় স্থানীয় কৃষকেরাই স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করছেন।
বাঁধ নির্মাণ বাস্তবায়ন কমিটির সভাপতি (প্রকল্প চেয়ারম্যান) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসীন আহমেদের দাবি বাঁধের কাজ শেষ হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানিয়েছেন এ বাঁধের কাজে চেয়ারম্যান মহসীন আহমেদের গাফিলতি রয়েছে।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ওই সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ না হওয়ায় গত ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। সাতারিয়া-পাথারিয়া হাওরের ফসল রক্ষা বাঁধের জন্য ছয় লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বাঁধের প্রকল্প চেয়ারম্যান জয়শ্রী ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মহসীন আহমেদ কাজ শেষ না করেই সেখান থেকে চম্পট দেন।
জয়শ্রী ইউনিয়নের ঘিরইল গ্রামের কৃষক নূর উদ্দিন জানান, এই হাওরে তাঁর জমি রয়েছে। এখন পর্যন্ত তিনি জমির ধান কাটতে পারেন নি। বাঁধের কাজ ঠিকমত না হওয়ায় দুশ্চিন্তায় আছেন। স্থানীয় এলাকাবাসীকে নিয়ে নিজেরাই বাঁধের কাজ করছেন বলে জানান তিনি।
প্রকল্প চেয়ারম্যান  ও জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন আহমেদ দাবি করেন, বাঁধের কাজ শেষ হয়েছে এবং পানি বাড়তে থাকায় স্বেচ্ছাশ্রমে নয় তাঁর লোকজনই আবার বাঁধে কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, তিনি বাঁধ পরিদর্শন করেছেন। এ বাঁধের কাজে চেয়ারম্যান মহসীন আহমেদের গাফিলতি রয়েছে। চেয়ারম্যানকে দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

  • [১]