ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে নয় জন প্রার্থীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগ
মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদারকে ৩ হাজার টাকা, একই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম মজনুকে ৩ হাজার টাকা এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পরিতোষ সরকারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মধ্যনগর ইউনিয়নের চারজন সাধারণ সদস্য প্রার্থী, একজন নারী সদস্য প্রার্থী ও পাইকুরাটি ইউনিয়নের একজন নারী সদস্য প্রার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।