- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা উপজেলা আ.লীগ এবার উল্টো সুর বিলকিসের ক্ষমা চেয়ে এমপি রতনের প্রশংসা

এনামুল হক এনি, ধর্মপাশা
‘গত উপজেলা পরিষদ নির্বাচনে দলের বাইরে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তারপরেও এমপি সাহেব আমাকে ক্ষমা করে দিয়েছেন। গত সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরোধিতা করে ফুটবলের নির্বাচন করেছেন এমপি সাহেব তাঁদেরও ক্ষমা করে দিয়েছেন। পরে তিনি আমাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ষড়যন্ত্রের কারণে ধূ¤্রজালে পড়ে গিয়ে অনেকদিন এমপি সাহেবের কাছ থেকে দূরে ছিলাম। আজ আমি দোষ স্বীকার করতে এসেছি। আমার বয়স ৫০ এর উপরে। এই বয়সে এসেও সকল ষড়যন্ত্রকারীর ধূ¤্রজাল থেকে বেরিয়ে এসেছি।’
বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে সাফাই গাইলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শামীম আহমেদ বিলকিস।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি শামীম আহমেদ বিলকিস বলেন,‘ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে নাটক হয়েছে, সমন্বয়হীনতা ও মনোনয়ন বাণিজ্যের কারণে আজ নৌকার জয় অনিশ্চিত। তাই বিদ্রোহী প্রার্থীদের বসিয়ে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে হবে। যদি কোনো বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করেন তাহলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘ ১৪ মাসেরও বেশি সময় ধরে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির কথা বড় গলায় উচ্চারণ করে সবাইকে জানান দেওয়ার চেষ্টা করলেও সেই বড় গলা হঠাৎ করে এমপি রতনের পক্ষে সাফাই গাওয়ায় লিপ্ত হল
দলীয় সূত্রে জানা যায়, গেল বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের মধ্যে দুইটি ধারার সৃষ্টি হয়েছিল। এর আগে ২০১৪ সালের ৩ জুন উপজেলা আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকাদর ও সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার একই দিনে একই স্থানে পাল্টাপাল্টি সভা আহ্বান করলে দীর্ঘদিন ধরে সুসংগঠিত থাকা এ দলটিতে বিবাদ সৃষ্টি হয়। ওইদিন ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বাধীন নেতাকর্মীরা স্থানীয় দলীয় কার্যালয়ে সকালে এসে জড়ো হয় এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে না পেরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুরে বর্ধিত সভা করে। এর আগের বছর অর্থ্যাৎ ২০১৩ সালের ১৫ আগস্টেও উপজেলা আওয়ামী লীগে ফাঁটল ধরেছিল।
১৯৯৭ সালের ২৭ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান জতি মিয়া ২০০১ সালের ২৩ এপ্রিল মারা গেলে এই কমিটির দুই সহ-সভাপতি সাইদুর রহমান চৌধুরী ও শওকত আলী আহমদের নেতৃত্বাধীন দুটি ধারা সৃষ্টি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছিল। সর্বশেষ ২০১৪ সালের ১০ নভেম্বর ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে সভাপতি ও শামীম আহমেদ বিলকিসকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
গেল বছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ধর্মপাশা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন এবং থানার পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ পর্যায়ক্রমে যুবলীগ, ছাত্রলীগ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন। ওই দিন সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে শহীদ মিনারে আবারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরক্ষণেই বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছিল।
এরপর দলে দ্বিধা বিভক্তি চলাকালে শামীম আহমেদ বিলকিস তাঁর নেতাকর্মীদের নিয়ে এমপি’র নানান অনিয়মের কথা তুলে ধরে সংবাদ সম্মেলনসহ পত্রিকায় বিরোধপূর্ণ বক্তব্য দিয়ে আসছিলেন। তখন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবিরসহ তাঁদের সমর্থিত নেতাকর্মীরা শামীম আহমেদ বিলকিসকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। তবে শামীম আহমেদ বিলকিস সবাইকে ফেলে এমপি রতনের সাথে হঠাৎ করে একত্মতা প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির। আলমগীর কবির বলেন, বর্ধিত সভার বিষয়টি লোকমুখে শুনেছি। দীর্ঘদিন যাবত অপশক্তির বিরুদ্ধে আমাদের গ্রুপিং চলছে। হঠাৎ করে কাউকে না জানিয়ে সাধারণ সম্পাদক এই অপশক্তির সাথে এক হয়ে দলের প্রগতিশীলতার গতি রোধ করেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে ঢাকায় এমপি রতন ও বিলকিস একসঙ্গে বৈঠক করেছিলেন। তখন থেকেই দ্বিধাবিভক্তির বিষয়টি শেষ হচ্ছে বলে স্থানীয়ভাবে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
বুধবার বিকেলে আয়োজিত বর্ধিত সভায় স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নেই। এমনিতে দলে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে তবে আওয়ামী লীগের ক্রান্তিকালে সবাই ঐক্যবদ্ধ হতে পারে।
এমপি স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তাঁর বক্তব্যে বলেন, দলীয় প্রার্থী বাছাইয়ে বিভিন্ন অনিয়ম হয়েছে। রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করেছে। তবুও দলের ক্রেডিবল প্রার্থীকে উঠিয়ে আনতে হবে। নৌকাকে জয়ী করতে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে। দলের বিদ্রোহী প্রার্থীদের সাথে কথা বলে তাঁদেরকে নির্বাচন থেকে সরে যেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান।

  • [১]