- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- লোকবল ও যন্ত্রপাতির সংকট চরমে

এনামুল হক এনি, ধর্মপাশা
প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ফলে উপজেলার প্রায় আড়াই লক্ষাধিক জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চলতি বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তখন এলাকাবাসী মনে করেছিল এখানে কাক্সিক্ষত চিকিৎসা পাওয়া যাবে। কিন্তু আজও প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি বরাদ্দ না দেওয়ায় এলাকাবাসী তাঁদের কাক্সিক্ষত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৮ জনের পদ রয়েছে। দীর্ঘ বছর ধরে শূন্য রয়েছে ৭৩ জনের পদ এবং বর্তমানে কর্মরত আছেন ৭৫জন। স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত নেই একজনও। এছাড়াও সহকারি সার্জন ৬ জনের মধ্যে ৩ জন, উপ সহকারি মেডিকেল অফিসার ১০জনের মধ্যে ২জন, নার্স ১৬ জনের মধ্যে ৯জন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ৯ জনের মধ্যে ৭জন, স্বাস্থ্য সহকারি ৪৫ জনের মধ্যে ৩৭ জন, জুনিয়র কনাসালটেন্ট ৪ জনের মধ্যে ১জন , অফিস সহায়ক ৬ জনের মধ্যে ১ জন, ওয়ার্ডবয় ৫ জনের মধ্যে ২ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ৫ জনের মধ্যে মাত্র ২জন বর্তমানে কর্মরত।
এছাড়াও ডেন্টাল সার্জন ১জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) ১জন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২জন, মেডিকেল টেকনোলজিস্ট (ফার্মাসিস্ট) ৪জন, সহকারি নার্স ১জন, ল্যাব এটেন্ডডেন্ট ১জন, নার্সিং সুপারভাইজার ১জন, নিরাপত্তা প্রহরী ২জন- এই পদ গুলো দীর্ঘ বছর ধরে খালি পড়ে আছে। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্সরে মেশিনটি দীর্ঘ সতের বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। পরিবার পরিকল্পনা       
 মন্ত্রণালয় হতে ২০১১ সালের ১৬ আগস্ট ১৬ লাখ টাকা মূল্যের একটি নৌ অ্যাম্বুলেন্স এ  হাসপাতালে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ দেওয়ার পর সেটিকে কিছুদিন কংস নদীতে এবং পরে স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে শয়তানখালী খালে রাখা হয়। শুষ্ক মৌসুমে খালের পানি শুকিয়ে যাওয়ায় খালের পাড়ে অ্যাম্বুলেন্সটি তুলে রাখা হয়। বর্তমানে অ্যাম্বুলেন্সটি জরাজীর্ণ অবস্থায় খালের পাড়ে পড়ে রয়েছে। এলাকাবাসী দীর্ঘ দিন ধরে সড়ক পথে চলাচলের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য দাবি জানিয়ে আসলেও এখন্ োপর্যন্ত ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া যায়নি।
জয়শ্রী ইউনিয়নের শেকেরগাঁ গ্রামের বাসিন্দা হারুন অর রসিদ বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করা হলেও ডাক্তারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দিয়ে অবকাঠামো উন্নয়ন করার কোনো প্রয়োজন নেই। ডাক্তারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সেলবরষ ইউনিয়নের মুদাহপুর গ্রামের বাসিন্দা সাকিল আহমেদ মুন বলেন, হাসপাতালের এক্সরে মেশিনটি নষ্ট থাকায় রোগীদের অতিরিক্ত টাকা দিয়ে বাহিরে এক্সরে করাতে হয়। তাই এক্সরে মেশিনটি মেরামত করে তা দ্রুত সচল করার জন্য তিনি দাবি জানান।
ধর্মপাশা গ্রামের মাসুম আহমেদ বলেন, আমাদের হাসপাতালে কোনো ্অ্যাম্বুলেন্স নেই। এখান থেকে কোনো রোগীকে ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করলে পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অথবা নেত্রকোনা জেলা শহর থেকে অ্যাম্বুলেন্স আনতে হয়। এখান থেকে অ্যাম্বুলেন্স আনতে প্রায় দুই আড়াই ঘণ্টা সময় চলে যায়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মদ জানান, আমি স্থানীয় সংসদ সদস্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন কিছু দিনের মধ্যেই লোকবল নিয়োগ দেওয়া হবে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহসিন করিম বলেন, ডাক্তার ও নার্সসহ হাসপাতালের সবকটি পদে লোক নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছি।
সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন মো. আব্দুল হাকিম বলেন , ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল নিয়োগের জন্য একাধিকবার লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আমাদের প্রতি মাসের প্রতিবেদনেও জানিয়ে থাকি।

  • [১]