- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা ও মধ্যনগর যুবলীগের সম্মেলন- নেতাকর্মীরা একে অন্যের দোষ খোঁজছেন

এনামুল হক এনি, ধর্মপাশা
আগামী ২৯ অক্টোবর ধর্মপাশা উপজেলা যুবলীগ ও ৩০ অক্টোবর মধ্যনগর থানা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের বরাত দিয়ে এ খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা যুবলীগের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম ধর্মপাশা উপজেলা যুবলীগ ও মধ্যনগর থানা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের আগে বর্তমান ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শামীম আহমেদ বিলকিসের পর গোলাম ফারুক কিবরিয়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বর্তমান জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ২০ জুন জুবায়ের পাশা হিমুকে আহ্বায়ক করে ৩৭ সদস্য  বিশিষ্ট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই তারিখে মোস্তাক আহমেদকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতোদিন ধর্মপাশা উপজেলা যুবলীগ ও মধ্যনগর থানা যুবলীগ আহ্বায়ক কমিটি দিয়েই পরিচালিত হয়ে আসছিল। তবে ২০১৪ সালের ১০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের গঠিত কমিটিতে জুবায়ের পাশা হিমুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত   করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী, সাংগঠনিক পদে একই ব্যক্তি দুই কমিটিতে থাকার বিধান না থাকলেও জুবায়ের পাশা হিমু দুটি পদেই বহাল আছেন। উপজেলা যুবলীগের নেতাকর্মীরা চাইলে তিনি যুবলীগের সম্মেলনে সভাপতি হিসেবে প্রার্থীতায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। জুবায়ের পাশা হিমু ছাড়াও ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, লুৎফুর রহমান উজ্জ্বল, সদস্য তরিকুল ইসলাম পলাশ।
অপরদিকে মধ্যনগর থানা যুবলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন, সভাপতি পদে থানা  যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ফারুকী, সদস্য একেএম আসাদুজ্জামান রোকন, হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বিদ্যুৎ কান্তি সরকার, সদস্য মো. ওবায়দুল ইসলাম খান রনি, এনামুল হক এনাম, আনোয়ার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোহাম্মদ আলী হোসেন, কামাল হোসেন। সম্মেলনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তাঁদের সাধ্যমতো নিজের পদ দখলে আনতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজ নিজ অবস্থান থেকে জোর লবিং চালিয়ে যাচ্ছেন সবাই।
মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ জানান, আগামী ৩০ অক্টোবর মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে থানা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন জানান, সম্মেলনের মাধ্যমে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নূরুল ইসলাম নূরুকে এবং সেলবরষ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে মো. দোলা মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম খোকনের নাম ঘোষণা দেওয়া হয়েছিল। পরে এ দুটি ইউনিয়নের ঘোষিত ব্যক্তিদের নাম বাদ দিয়ে আহ্বায়ক তার পছন্দমত লোক দিয়ে পকেট কমিটি ঘোষণা দেন। এরই জের ধরে ধর্মপাশা সদর ইউনিয়নে পৃথক পৃথকভাবে দুটি কমিটি ঘোষণা হয়। তিনি আরো জানান, সম্মেলনের আগে এ সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল ও যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদের কাছে মৌখিকভাবে জানিয়েছেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর জানান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমু একই সাথে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদেও দায়িত্বরত আছেন। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী একই সাথে দুটি কমিটিতে সাংগঠনিক পদে থাকা যায় না। একটি কমিটিতে থাকায় অবস্থায় অন্য একটি কমিটিতে সাংগঠনিক পদে নাম অন্তর্ভুক্ত হলে যদি ওই ব্যক্তি একত্রিশ দিনের মধ্যে ভ্যাটো না দেন তাহলে প্রথম কমিটির পদ এমনিতেই বাতিল হয়ে যায়। কিন্তু জুবায়ের পাশা হিমু কৌশল করে দুটি পদেই বহাল আছেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচার প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু জানান, উপজেলা আওয়ামী লীগের কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ তিনি চাননি এবং তিনি দলীয় কার্যক্রমসহ কোনো কাজেই এ পদ কখনো ব্যবহার করেননি। সম্মেলনের আগে অবশ্যই যুবলীগের কমিটি বিলুপ্ত করা হবে। যুবলীগ চাইলে তিনি প্রার্থীতায় আসতে পারেন এবং ইচ্ছা করলে তিনি যে কোনো পদ থেকে তখনো (সম্মেলনের সময়) পদত্যাগ করতে পারেন। আওয়ামী লীগ ও যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ঘোষণা হওয়ার একত্রিশ দিনের মধ্যে যে কোনো একটি কমিটি থেকে প্রত্যাহার করার নিয়ম রয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস জানান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। উপজেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার পর এক মাসের মধ্যে উপজেলা যুবলীগের পদ থেকে তার (জুবায়ের পাশা হিমু) সসম্মানে পদত্যাগ করা উচিত ছিল । এখন তাকে যুবলীগের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। সংগঠনের নিয়ম নীতি ও গঠনতন্ত্রের বাইরে নিজের ইচ্ছামতো দলীয় কার্যক্রম চালানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ জানান, ধর্মপাশা উপজেলার দু’একটি ইউনিয়ন যুবলীগের একাধিক কমিটি রয়েছে। বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের পর সবাইকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে এ সমস্যা নিরসন করা হবে।
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল জানান, আগামী ২৯ অক্টোবর ধর্মপাশা উপজেলা যুবলীগ ও ৩০ অক্টোবর মধ্যনগর থানা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, সাংগঠনিক পদে একই ব্যক্তি দুটি কমিটিতে থাকতে পারে না এবং আওয়ামী লীগ ও যুবলীগের দুটি কমিটিতেই সাংগঠনিক পদে আছেন এমন কেউ যুবলীগের সম্মেলনে প্রার্থীতায় অংশগ্রহণ করতে চাইলে তাঁকে অবশ্যই আওয়ামী লীগের পদ থেকে প্রত্যাহার করতে হবে।

  • [১]