- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা-জয়শ্রী সড়কে কোটি টাকার দুর্নীতি ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এনামুল হক এনি, ধর্মপাশা
ধর্মপাশা-জয়শ্রী সড়ক নির্মাণ কাজ প্রকল্পের ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সুনামগঞ্জের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. তামজিদ সরওয়ারসহ সংশ্লিষ্ট দশজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামীরা হলেন সুনামগঞ্জ এলজিইডির সাবের সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, ধর্মপাশার বর্তমান উপজেলা প্রকৌশলী নূরুল আমীন চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী ও জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ এলজিইডির সাবেক সহকারী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম দেওয়ান, আরটিআই’র পল্লী উন্নয়ন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক আব্দুল কাদের, এলজিইডি সদর দপ্তরের ইনডিভিজ্যুয়াল কনসালটেন্ট প্রকৌশলী খোকন চন্দ্র দাস, সুনামগঞ্জ এলজিইডির সাবেক হিসাব রক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম ও ঠিকাদার মঞ্জুরুল আহসান। মামলার অন্যতম আসামী  সুনামগঞ্জ এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মো: তামজিদ সরওয়ারকে ঢাকা থেকে বুধবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।   
গত মঙ্গলবার দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত ধর্মপাশা থানায় এ মামলা করেন।
জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট (আরটিআইপি) প্রকল্পের আওতায় ধর্মপাশা-জয়শ্রী সড়কে প্রায় ১০ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড নির্ধারিত সময়ের মধ্যে সিকিভাগ কাজও শেষ করতে পারেনি। পরে তাদের কার্যাদেশ বাতিল করে আবার দরপত্র আহ্বান করা হয় এবং ঠিকাদার মনোনীত হয় মঞ্জুরুল আহসান অ্যান্ড কোং নামে একটি প্রতিষ্ঠান। ১৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৫.১ কিলোমিটার অংশের কার্যাদেশ দেওয়া হয় তাদের। ২০১০ সালের ডিসেম্বর মাসে তারা কাজ শুরু করে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না করে অসমাপ্ত কাজকে সমাপ্ত দেখিয়ে সংশ্লিষ্ট তদারকী কর্মকর্তা ধর্মপাশা উপজেলার উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম মুন্সি ও মো. জাহাঙ্গীর আলম বিল তৈরি করেন। প্রকল্পের কাজ সমাপ্ত না হওয়া সত্বেও উপজেলা প্রকৌশলী নুরুল আলম চৌধুরী বিলে স্বাক্ষর করে সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. তামজিদ সরওয়ারের কাছে প্রেরণ করলে তিনি যাচাই বাছাই ছাড়াই কাজ সম্পন্ন হয়েছে মর্মে প্রত্যয়ন করেন। মো. তামজিদ সরওয়ারসহ অভিযুক্তরা সর্বমোট ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাত করেন। গত বুধবার ভোরে মো. তামজিদ সরওয়ারকে রাজধানীর মিরপুর পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রকৌশলী এলজিইডির ঢাকা আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপ-পরিচালক।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্তের অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গত মঙ্গলবার দুর্নীতি প্রতিরোধ আইন, বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ক্ষমতার অব্যবহারের অপরাধে মামলা রুজু করা হয়েছে।

  • [১]