দেখলে এটিকে বড় কোন জলাশয় মনে হয়। কিন্তু এটি আদৌ কোন জলাশয় নয় বা ছিল না কখনও। এটি একটি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। এখন আর মাঠ নয়। জলাশয়। মাসখানেক আগে এই জলাশয়ে একটি শিশু পড়ে ডুবে গিয়েছিল। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রাণ বাঁচানো সম্ভব হয়। কেন জলাশয় হলো খেলার মাঠটি? এর উত্তর হলো মাঠের চার পাশ নানা স্থাপনা দ্বারা বাঁধের মতো ঘিরে ফেলা হয়েছে। পশ্চিম পাশে বিদ্যালয় ভবন, দক্ষিণ দিকে সড়ক ও বিদ্যালয়ের ছাত্রাবাস। উত্তর ও পূর্ব দিকেও বংশীকু-া বাজারের সড়ক। চক্রবূহ্যের মতো ঘিরে রাখা হয়েছে যেন মাঠটিকে। ঘিরে রাখার স্থানগুলো এতোই দুর্ভেদ্য যে একটি রাস্তাও রাখা হয় নি মাঠের পানি নিষ্কাশনের জন্য। উপরন্তু সড়ক নির্মাণের সময় মাঠ থেকে মাটি কেটে নেয়া হয়েছে। মাটি কেটে নেয়া স্থানে যেসব ডুবা তৈরি হয়েছে শুস্ক মৌসুমেও সেসব ডুবায় নাকি আট/নয় ফুট পানি থাকে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জমে মাঠটি বিশাল জলাশয় হয়ে পড়ে। এটি প্রকারান্তরে মরণকূপও বটে। কারণ ছোট শিশু শিক্ষার্থীরা অনেকেই সাঁতার জানে না। খেলাচ্ছলে এদের মাঠের পানিতে ডুবে যাওয়ার একটি সার্বক্ষণিক ঝুঁকি রয়েছে।
এই যে একটি মাঠের আত্মকাহিনি বর্ণনা করা হলো সেটি ধর্মপাশা উপজেলার বংশিকু-া মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠ। গতকাল এই মাঠ নিয়ে ভোগান্তির উপর দৈনিক সুনামগঞ্জের খবরে সচিত্র সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, সড়কের কাজ করার সময় তিনি ইঞ্জিনিয়ারকে একটি কালভার্ট রাখার জন্য বলেছিলেন। কিন্তু প্রধান শিক্ষকের এই অনুরোধ যে কার্য়কর হয় নি তা বলাই বাহুল্য। সুনামগঞ্জের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বললেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি আরও বললেন, ম্যানেজিং কমিটি বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করতে পারেন। জেলা বা উপজেলা প্রশাসন তহবিল থেকে মাঠটি সংস্কারের বিষয়ে তিনি জেলা প্রশাসকের নিকট আবেদন জানাবেন বলেও উল্লেখ করলেন। আশ্চর্য কথা, একটি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বেমালুম জলাশয়ে পরিণত হয়ে যায় আর সেই খবর শিক্ষা অফিসারের কান অবধি এসে পৌঁছায় না। যাহোক এখন তো তিনি অবগত হলেন। আমরা আশা করি এবার তিনি প্রতিকারের কার্যকর উদ্যোগ নিবেন।
বিদ্যালয় হলো শিশুদের মানসিক ও শারীরিক উৎকর্ষতা সাধনের জায়গা। সহঃ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধূলার স্থান বিদ্যালয়গুলোতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিশুর সার্বিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অনস্বীকার্য। তাই প্রতিটি বিদ্যালয়েই ছোট হোক বড় হোক একটি মাঠ থাকে। শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার পাশাপাশি নানা ধরনের খেলাধূলা করে থাকে। তো বংশিকু-া মমিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিকে মেরে ফেলার কারণে যে শিক্ষাগ্রহণের অন্যতম একটি মৌলিক বিষয় ব্যাহত হচ্ছে সেটি কি কাউকে একটুও ভাবাচ্ছে না? আমাদের সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক একটি ছড়া বানিয়েছিলেন যেখানে মাঠে খেলাধূলার বিষয়টিকে অতীব গুরুত্ব দান করা হয়েছিল। আমাদের প্রশ্ন হলো একটি খেলার মাঠকে যখন জলাশয় আর ডুবায় পরিণত করা হয় তখন ওই আকাক্সক্ষার জায়গাটি হতাশায় পরিণত হয় না কি?
যাহোক আমরা আশা ও প্রত্যাশা করব মমিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়ে জলাশয়ে পরিণত হওয়া খেলার মাঠটিকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিশুদের শারীরিক বিকাশের পথটি উন্মুক্ত করবেন একই সাথে শিশুদের একটি ঝুঁকির হাত থেকেও রক্ষা করবেন।