- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্মপাশা সীমান্তে বিএসএফ’র হাতে ১ বাংলাদেশী আটক

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশার মহেষখলা সীমান্ত এলাকা পাড় হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় কামরুল ইসলাম (২৫) নামের এক তরুণকে আটক করেছে বিএসএফ। বুধবার বিকালে বিএসএফ ঐ তরুণকে আটক করে এবং রাতেই ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার সকালে এ নিয়ে মহেষখলায় বিজিবি-বিএসএফ ফ্ল্যাগ মিটিং করলেও কামরুলকে ছাড়িয়ে আনা যায়নি।
ধর্মপাশার উত্তর বংশিকু-া ইউনিয়নের জামালপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে কামরুলের কাছে গাঁজা ও ইয়াবা জাতীয় ট্যাবলেট ‘বাবা’ পাওয়া গেছে বলে জানিয়েছে বিএসএফ।
বিজিবি’র নেত্রকোনা ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর মকদ্দুম বলেন, ‘কামরুলকে ছাড়িয়ে আনার জন্য সকালে মহেষখলা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ বৈঠক হলেও বিএসএফ বলেছে কামরুলকে ভারতীয় পুলিশ নিয়ে গেছে, তার কাছে গাজা ও বাবা ট্যাবলেট পাওয়া গেছে বলে দাবি করেছে বিএসএফ’।
এদিকে, বৃহস্পতিবার বিকালে ভারতের গিলাছড়া গ্রামের ভুবন মারাক (৫৫) ও হানি মোমেন (২৫) কে স্থানীয় লোকজন আটক করে। পরে অবশ্য
বিকাল সাড়ে ৫ টায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বিজিবি’র নেত্রকোনা ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর মকদ্দুম জানান, আদিবাসীদের নিজেদের দ্বন্দ্বের জের ধরে শুনেছি ভুবন ও হানি মোমেনকে আটক করা হয়েছিল, পরে তারাই ছেড়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কামরুল ইসলাম, ভুবন মারাক, হানি মোমেন এরা সীমান্তের এপারে ওপারে ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে আটক হয়েছিল। কামরুলকে ভারতীয়রা ছাড়েনি। ভুবন ও হানি মোমেন এপারের বিশিষ্টজনদের হস্তক্ষেপে ছাড়া পেয়েছে।

  • [১]