সু.খবর রিপোর্ট
শহরের আলফাত স্কয়ারে ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ এর সদস্যরা। মানববন্ধনে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সব্যসাচী নিলয়, সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারজিয়া হক ফারিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক তন্দ্রা রাণী দাস, সহ সভাপতি সঞ্জিত কুমার দে প্রমুখ। ধর্ষণ রোধে পরিবার থেকে শিক্ষা দেয়ার আহ্বান জানান বক্তরা।
এদিকে জামালগঞ্জে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টায় জামালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম। সদস্য শাহানা আল আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সহ সভাপতি দীপশ্রী তালুকদার, সাধারণ সম্পাদক হীরামন আক্তার, সহ সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক নির্লীপ্তা হালদার, সদস্য নাজমা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি দেশব্যাপী যে সহিংসতা শুরু হয়েছে তাতে কোনো নারীই আজ নিরাপদ নয়। ধর্ষণের মতো ঘৃণ্য অপকর্মে ছেয়ে গেছে আমাদের সমাজ ও রাষ্ট্র। অপরাধীরা প্রতিটা ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। যার ধরুন ধর্ষকেরা আরও উৎসাহিত হচ্ছে। এর সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে নারীরা নিরাপদে পথ চলতে পারবে না।