- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, আটক ১

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বেধড়ক মারপিটের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে গত বুধবার রাতে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত গৃহবধূর স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে। এঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল মছব্বিরের পুত্র ছালিম উদ্দিন (২৫) কে আটক করেছে পুলিশ।
গত বুধবার দুপুরে নৈনগাঁও গ্রামের ঐ গৃহবধূ ঘরে ৭ মাসের বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। এমন সময় গ্রামের বখাটে চার যুবক একা ঘরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাদের লাঠির আঘাতে গৃহবধূর মাথা ফেটে যায়। গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা তাদের মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গৃহবধূর পরিবারের লোকজন আহত গৃহবধূকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
বখাটেরা হলো একই গ্রামের মুক্তার আলীর পুত্র জুবায়েল আহমদ (১৯), আব্দুল মছব্বিরের পুত্র ছালিম উদ্দিন (২৫), চেরাগ আলীর পুত্র হাবুল্লাহ (১৮)।
গৃহবধুর স্বামী বলেন, আমি হোটেলে চাকরি করি। ভোর বেলা বাড়ি থেকে চলে যাই আমার কর্মস্থল দোয়ারাবাজারে। ঐ সময় মা গেছেন বাড়ির উত্তর পাশের মাঠে গরুকে পানি খাওয়ানোর জন্য। এসময় আমার স্ত্রী ৭ মাসের শিশু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলো। ঘরে একা পেয়ে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে, ব্যর্থ হয়ে তারা চারজন মিলে মারপিট করে পালিয়ে যায়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, গৃহবধূর স্বামী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।

  • [১]