সুনামগঞ্জ-সিলেট সড়কে দেশের সবচেয়ে বাজে বাস চলাচল করে এ অভিযোগ দীর্ঘদিনের। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে, লক্কর,ঝক্কর, ভাঙা-চোরা ও বসার অনুপযোগী বাস দিয়েই যাত্রী সেবা দিচ্ছেন এই রাস্তার মালিক-শ্রমিকরা। এই সড়কের যাত্রীসেবায় উন্নত ও নতুন বাস নামানোর দাবিতে আন্দোলন হয়েছে। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে নতুন ও চলাচল উপযোগী বাস নামানোর আশ্বাস বার বার দেয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রাম্য প্রবাদের ন্যায় ‘যেই লাউ, সেই কদু’। আগের মতই দিব্যি চলছে পুরাতন বাস। লক্কর-ঝক্কর মার্কা বাস নিয়ে সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে শহরের ডিএস রোডে সদর থানার সামনে আটক পড়েছিলেন সিলেট-চ-১১-০৬৬৯ নং বাসের চালক। অবশেষে চালক, হেল্পারসহ অন্তত ৭ জনের প্রাণপণ ধাক্কা-ধাক্কিতে ইঞ্জিন চালু করা হয় এই বাসটির।