স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বোর ধানের ফসল ভাল হওয়ায় ফসলের মাঠে কৃষকের হাসি। সপ্তাহ খানেক সময় কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ না পেলে নির্বিঘ্নে সোনালী ফসল কৃষকের ধানের গোলায় উঠবে এমনটাই জানা গেছে শনির হাওরে গিয়ে কৃষকদের সাথে কথা বলে।
শুক্রবার দুপুরে শনির হাওরপাড়ে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল কবীর গিয়েছিলেন হাওরের কৃষকদের সাথে তাদের ধানকাটা ও সমস্যার কথা শুনতে। কথা হয় কৃষক উজান তাহিরপুর গ্রামের কৃষক কামালের সাথে।
কৃষক কামাল জানালেন,‘এইবারের মতন ধান আর কোন সময় অয় নাই স্যার,সপ্তাহ খানেক সময় দিনমাদান ভাল থাকলে ভালভাবেই ধান গোলায় তুলতে পারবো।’
এ সময় তাহার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক বাবরুল হাসান বাবলু প্রমূখ।
শনির হাওর পরিদর্শনের আগে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় কৃষক, সাংবাদিক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল কবীর বলেন, ‘ধান কাটার বিষয়ে কৃষকদের সার্বিক সহায়তা করতে হবে। ধান কাটা শেষে কৃষকরা যেন ধান বিক্রি করে ন্যায্য মূল্য পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ধানকাটার শ্রমিক সংকট হলে প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেন।’