- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধানকুনিয়া হাওর-ধর্মপাশা ফসলরক্ষা বাঁধে নৌকা ফেলেও শেষ রক্ষা হয়নি

এনামুল হক এনি, ধর্মপাশা
দুপুরের দিকে বাঁধে ভাঙন দেখা দেয়। তখন থেকেই স্থানীয় কৃষকেরা বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। সময় যতই গড়াতে থাকে বাঁধের ভাঙন ততই বাড়তে থাকে। উদ্বিগ্নœ হয়ে পড়েন স্থানীয় কৃষকসহ সর্বস্তরের জনগণ। নিয়ে আসা হয় একটি বাল্কহেড নৌকা। সেই নৌকা দিয়ে চলে বাঁধ রক্ষার শেষ চেষ্টা। বিকেল চারটার দিকে বাঁধ রক্ষার সকল চেষ্টা বিফলে যায়। বাঁধ ভেঙে নৌকার ওপর দিয়ে পানি গড়াতে শুরু করে। ধীরে ধীরে প্লাবিত হতে থাকে ধানকুনিয়া হাওরের বোরো জমির ফসল। সোমবার উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া হাওরের (নূরপুর গ্রামের পার্শ্ববর্তী) একটি বাঁধ ভেঙে নতুন করে ফসল ডুবির ঘটনা ঘটে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ধানকুনিয়া হাওরে চলতি বোরো মৌসুমে এক হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। মোট জমির ৫০হেক্টর বোরো জমির ধান কাটা বাকি রয়েছে। তবে কৃষি কার্যালয়ের সাথে একমত পোষণ করেননি ধানকুনিয়া হাওরের বিভিন্ন গ্রামের কৃষকেরা। কৃষকদের দাবি এখন পর্যন্ত ওই হাওরে মোট জমির ষোল আনার মধ্যে দশ আনা জমির ধান কাটা বাকি রয়েছে।
ধানকুনিয়া ফসলরক্ষা বাঁধটির দুটি অংশের ভাঙা বন্ধকরণ ও মেরামত কাজের জন্য দুটি প্রকল্পের মাধ্যমে ২০ লাখ টাকা  বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প চেয়ারম্যান ছিলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাব উদ্দিন ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৫নম্বর  ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ উদ্দিন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল বারী চৌধুরী বাচ্চু জানান, ওই হাওরে তাঁর ৩২ কেয়ার জমি রয়েছে। ইতোমধ্যে তিনি অর্ধেক জমির ধান কাটিয়েছেন। বাঁধ ভেঙে যাওয়া বাকি জমির ধান কাটতে পারবেন না বলে আশঙ্কা করছেন তিনি। তিনি আরও জানান, ধানকুনিয়া হাওরে যেসব কৃষকের জমি রয়েছে তাদের চরম ক্ষতি সাধন হবে। বাঁধে নৌকা ফেলেও বাঁধটি রক্ষা করা যায়নি। এ হাওরে এখন পর্যন্ত দশ আনা জমির ধান কাটা বাকি রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, পানি বেড়ে যাওয়ায় এখন সব হাওরেই পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। ধানকুনিয়া হাওরে ৫০ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে।

  • [১]