- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধানের চারা সংগ্রহে ব্যস্ত হাওরপারের হাজারো শিক্ষার্থী

আমিনুল ইসলাম, তাহিরপুর
ধানের চারা সংগ্রহে ব্যস্ত হাওরপারের হাজারো শিক্ষার্থী।‘তিন আতা জালা একখানও কইরা আটি বানলে অয় এক আডা,এক আডা জালা পুইড়া দিলে পাই দুই টাকা। ‘কথা গুলো বলছিল শনির হাওরে ধানের চারা সংগ্রহে আসা তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পারভেজ, ফুয়াদ ও তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রসার ছাত্র আলভী। শুধু তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এ কথা নয়। এ কথা বর্তমানে হাওর পারের শত শত বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর। বছরের শেষ দিক এবং নতুন বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে এখনো পুরোপুরি ক্লাস শুরু হয় না। আর এ সুযোগকে কাজে লাগিয়ে অনেক শিশু সখের বসে, অনেক শিশু কৃষক বাবাকে সাহায্য করতে, অনেক শিশু দরিদ্র বাবা মায়ের সংসারে সাহায্য করতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ধানের চারা সংগ্রহের কাজটি করছে। ধানের চারা সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বোর রোপনের মৌসুম ২০ থেকে ২৫ দিন, এ ২০-২৫ দিন তারা অনকেটা আনন্দের সাথে প্রতি দিন সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ধানের চারা সংগ্রহের কাজ করে। কেহ ২০ টি, কেহ ৩০ টি, কেহ ৫০ টি বোর ধানের চারার আটি সংগ্রহ করে। ২০-২৫ দিন তাদের অনকেটা আনন্দেই কাটে বলে শিক্ষার্থীরা জানায়। তারা আরও জানায় এ ২০-২৫ দিন বিদ্যালয়ে তারা না যেতে পারলেও পরবর্তীতে তারা আবারো তাদের বিদ্যালয়ে নিয়মিত লেখা-পড়ায় ফিরে যায়। শনির হাওর পারের কৃষক ইউনূছ আলী, রুহুল আমিন, সুনীল দাস সহ একাধিক কৃষক জানান , বোর ধান রোপনের মৌসুমে হাওর পারের কৃষক পরিবারের নারী-পুরুষ, শিশু প্রত্যেকেই কম বেশী ব্যস্ত হয়ে পড়ে। সে ক্ষেত্রে শিশুরা তাদের অনেক সাহায্য করে থাকে। তাদের মতে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তি যা করতে পারে অনেক ক্ষেত্রে শিশুরাও তা করতে পারে, আর এ থেকেই শিশুরা এ ব্যস্ত সময়ে ধানের চারা সংগ্রহের কাজটি করছে। তাহিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীরা রানী জোয়ার্দার, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহিবুর রহমান, পাঠাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে সহ একাধিক শিক্ষক বলেন, বোর ধান রোপনের মৌসুমে শিশুরা তাদের বাবা-মা কে কৃষি-কাজে সাহায্য করে যে কারণে বছরের শেষ দিকে এবং নতুন বছরের শুরুতে কয়েকদিন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম থাকে।

  • [১]