আমিনুল ইসলাম, তাহিরপুর
প্রাথমিক বিদ্যালয়গুলো এখনও বন্ধ। তাই এ সময়ে হাওরের দরিদ্র পরিবারের শিশুরা পরিবারকে সাহায্য করতে নেমে পড়েছে মাঠের কাজে। দরিদ্র বাবা-মায়ের সংসারে সাহায্য করতে প্রচ- শীত উপক্ষো করে ধানের চারা সংগ্রহ করছে তারা। কেউ আবার অন্যের জমিতে ধানের চারা রোপণে সাহায্য করে কিছু টাকা উপার্জনের জন্য। বীজতলা থেকে চারা তুলে ক্ষেতে সারিবদ্ধভাবে রোপণে সাহায্য করছে তারা বড়দের।
শিক্ষার্থীরা জানায়, বোরো রোপণের মৌসুম ২০ থেকে ২৫ দিন। এ সময়টা প্রতি দিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানের চারা সংগ্রহের কাজ করে তারা। কেউ ২০টি, কেউ ৩০টি, কেউ ৫০টি পর্যন্ত বোরো ধানের চারার আঁটি সংগ্রহ করে। প্রতিটি ধানের চারার আটি বেঁধে দিলে কৃষক তাদের ২ টাকা করে দেন। এভাবে শিশুরা ২৫টি ধানের চারার আঁটি বেঁধে দিলে ৫০ টাকা পায়।
শনির হাওরপাড়ের কৃষক কুসবুল মিয়া জানান, বোরো ধান রোপণের মৌসুমে হাওরপাড়ের কৃষক পরিবারের নারী-পুরুষ, শিশু প্রত্যেকেই কম-বেশি ব্যস্ত হয়ে পড়েন। সে ক্ষেত্রে শিশুরা তাদের অনেক সাহায্য করে থাকে। তারা ধানের চারা তুলে আঁটি বেঁধে
দিলে বড়রা ধান রোপণে মনোযোগ দিতে পারেন।