- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধান কাটার কাঁচির বাজার মন্দা

পুলক রাজ
জেলার বিভিন্ন উপজেলায় ধান কাটার কাজ শুরু হয়েছে। কৃষকরা বলছেন, পুরোদমে ধান কাটা শুরু হতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। আর এই বোরো ধান কাটার মৌসুমকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার ও কৃষি যন্ত্রপাতি বিক্রেতারা। যদিও বিজ্ঞানের যুগে কৃষি প্রযুক্তির ব্যবহার বেড়েছে, তার পরও ধান কাটার কাজে কাঁচি খুবই গুরুত্বপূর্ণ।
সরেজমিনে দেখা যায়, বাজারে ৩০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে কাঁচি পাওয়া যায়। তবে এবার বাজার মন্দা চলছে বলে জানালেন বিক্রিতারা। বিক্রেতা উত্তম দেব বলেন, এবছর ধান কাটার কাঁচি একদম কম বিক্রি হচ্ছে। লকডাউনের কারণে বাজারে ক্রেতা কম বিক্রেতা বেশী। এজন্য আমাদের কাঁচি বিক্রিও কম।
কামার অতুল দে বলেন, আমি ২৫ বছর ধরে এ পেশায় আছি। এর আগে পৌর এলাকায় কাঁচি তৈরী করা হতো, কিন্তু এখন তৈরি করা হয় না। আমি তো কাঁচি তৈরি করি না। হঠাৎ যদি কেউ বানাতে চায় তখন তৈরি করে দেই। রেডি করা কাঁচি পাওয়া যায় বাজারে। মানুষ সেখান থেকেই কিনে।
মৌসুম ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, শহরে আসছি কাঁচি বিক্রি করার জন্য কিন্তু এখনও বৈশাখী জমে উঠেনি। তাই বিক্রিও তেমন নেই। আর ৮/১০ দিন পর বিক্রি বাড়বে।
বিক্রেতা জুমন আহমেদ বলেন, কাঁচি কিনতে আসছেন অনেকেই- কিন্তু দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তাঁরা আরো কিছুদিন পর কাঁচি কিনতে আসবেন বাজারে। আমরা বিপদে আছি কারণ করোনার জন্য সব কিছু অন্যরকম হয়ে গেছে। অন্যবারের তুলনায় এবার কাঁচি বিক্রি কম হচ্ছে।

  • [১]