স্টাফ রিপোর্টার
সদর উপজেলা খাদ্য গোদামগুলোতে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার বিকালে শহরের মল্লিকপুর এলাকায় খাদ্য গোদামে এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান, এবার সরকারের নির্ধারিত ধানের প্রতি কেজি মূল্য ২৩ টাকা হারে প্রতি মণ ধান ৯২০ টাকা দরে ক্রয় করা হচ্ছে। ধানের এই মূল্য নির্ধারণে কৃষকরা লাভবান হবেন। পরে পৌর শহরের তেঘরিয়ার বাসিন্দা কৃষক মমতাজ বেগম সেলির হাতে ৫০ মণ ধানের মূল্য তোলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম জানান, এ বছর সুনামগঞ্জ সদর উপজেলায় ২১৭৬ মে.টন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় এবার ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০,৯৭৯ মে. টন। গত বছর ছিল ৪,২৭৬ মে. টন। সরকারী নির্দেশনা অনুযায়ী কৃষকরা ধান নিয়ে আসলেই আমরা আদ্রতা, বিজাতীয় পদার্থ, ভিন্নজাতের ধানের মিশ্রণ, অপুষ্ট ও বিনষ্ট দানা, চিটা, বর্ণ ও গন্ধ পরীক্ষা করে সংগ্রহ করব।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু প্রমুখ।