স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে পড়ে শহরতলীর ধারারগাঁও সেতুর অ্যাপ্রোচ ও সড়ক ভেঙে গিয়ে জেলা সদরের সঙ্গে সুরমা নদীর উত্তরপাড়ের চারটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ধারারগাঁও সেতুর পাশে প্রায় ১৫ ফুট রাস্তা ও সেতুর এপ্রোচ ভেঙে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে যায়, ধারারগাঁও সড়কের উত্তর দিকের লোকজন নৌকা দিয়ে ভাঙা রাস্তা পার হচ্ছেন। একইভাবে শহর থেকে লোকজন নৌকা দিয়েই ওই ভাঙা অতিক্রম করছেন। ধারারগাঁও সেতুর ওই ভাঙা পার হতে জনপ্রতি ৫ টাকা করে দিতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, এলজিইডির এই সড়কটি গত বছরেই পানির তোড়ে অনেকটা ভেঙে গিয়েছিল। কিন্তু গত হেমন্তকালে আর এই ভাঙা অংশ সঠিকভাবে মেরামত করা হয়নি। লোক দেখানো কিছু কাজ করা হয়েছিল। গত দু’দিন সুরমা নদীর পানি বৃদ্ধি হলে পানির তোড়ে এবার সেতুর এপ্রোচ ও সড়ক ভেঙে যায়। এতে করে জেলা সদরের সাথে সুরমা নদীর উত্তরপাড়ের তিনটিসহ চার ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলকাটা এলাকার রফিক মিয়া বলেন,‘এই একটি মাত্র সড়ক দিয়ে আমরা সুরমার উত্তর পাড়ের সকল লোকজন জেলা শহরে আসা যাওয়া করি। গত বছর বর্ষায় এই সড়কটি ও ধারারগাঁও সেতুর পাশে অনেক জায়গা ভেঙ্গে গিয়েছিল। কিন্তু ভাল করে সেটুকু মেরামত করা হয়নি। নতুন করে সড়ক ও সেতুর এপ্রোচ ভেঙ্গে গেছে। গ্যাসের পাইপ লাইন বিপজ্জনক অবস্থায় রয়েছে। সে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
কোরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত বলেন, ‘জেলা শহরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী অভ্যন্তরীণ ধারারগাঁও সড়কটি দিয়ে কোরবাননগর, রঙ্গারচর, জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়নেসর অন্তত ৫০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তাটি ভেঙে যাওয়ায় তারা এখন দুর্ভোগে পড়েছেন। রাস্তাটি ভেঙে যাওয়ার পর জনগণকে নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।
ইউপি চেয়ারম্যান আবুল বরকত জানান, রাস্তাটি শুক্রবার সকালে ভেঙে যাওয়ার পর তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনো তাদের কেউ ঘটনাস্থলে যান নি বলে তিনি জানান।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন জানান, ‘পাহাড়ি বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত আছে। সুরমা নদীর পানি শুক্রবার ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’