আকরাম উদ্দিন
শহরতলীর ধারারগাঁও এলাকায় হালুয়ারঘাটের ফেরি পারাপারের স্থায়ী ঘাট ও যাত্রী ছাউনি না থাকায় এই ফেরি দিয়ে চলাচলকারী শত শত মানুষ প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে কোন স্থায়ী ঘাট কিংবা যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা নেই বলেও জানা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। ফলে সুরমা নদীর উত্তরপাড়ের ৩ ইউনিয়নের ৯২ গ্রামের মানুষের ভোগান্তি শেষ হওয়া কোন লক্ষণও নেই। কিন্তু প্রতিবছর এই ফেরিঘাট ইজারা দিয়ে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আদায় হচ্ছে।
ধারারগাঁও এলাকার একাধিক বাসিন্দা জানান, সুরমা নদীতে ফেরি পারাপারের নৌকা ভিড়াতে ফেরিঘাট ও যাত্রী ছাউনি নির্মাণ করা খুবই জরুরি। বর্ষা মৌসুমে নদীরপাড়ের মেইন রোডের মুখে এই ফেরি নৌকা ভিড়াতে হয়। একটু পানি কমে গেলে আবারও ঘাটের পশ্চিম পার্শ্বে ফেরি নৌকা ভিড়ানোর ব্যবস্থা করতে হয় ইজারাদারদের। রমা নদীর উত্তরপাড়ের লোকজন জানান, গত কয়েক বছর আগে সুরমা নদীর উত্তরপাড়ে হালুয়ারঘাট এলাকায় একটি ফেরিঘাট নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু নির্মিত এই ফেরিঘাট দিয়ে যানবাহন উঠানামা করতে পারে না।
একাধিক ইজারাদার জানান, জেলা পরিষদের মাধ্যমে এ বছরও হালুয়ারঘাটের এই ফেরিঘাট ইজারা দেয়া হয়েছে প্রায় সাড়ে ১২ লাখ টাকায়। গত বছর ইজারা দেয়া হয়েছিল প্রায় ১৯ লাখ টাকায়। এই ঘাট থেকে প্রতি বছর সরকার বড় অংকের রাজস্ব পাচ্ছেন। কিন্তু আহরিত রাজস্বের বিপরীতে যাত্রী সেবার মান একেবারেই নেই।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেস মিঞা বলেন,‘ধারারগাঁও এলাকায় হালুয়ারঘাটে ফেরিঘাট নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই।’