- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরতলীর সুরমা নদীর ওপর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আয়োজনে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও লেখক মো. আবু সুফিয়ান,        মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান, সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রব, সদস্য সচিব সাংবাদিক আকরাম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, ব্যবসায়ী মুজিবুর রহমান, ফারুক আহমদ প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য মো. আবুল কালাম, মো. আব্দুল মোতাল্লিব, আরব আলী, সাবেক ইউপি সদস্য খসরু মিয়া, ফিরোজ মিয়া, চাঁন মিয়া, সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম। মানববন্ধনে সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘সদর উপজেলার সুরমা নদীর ওপর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণ না হওয়ায় উত্তর সুরমা এলাকার তিনটি ইউনিয়নের আড়াই লাখ মানুষ যুগ যুগ ধরে নানা ভোগান্তির শিকার হয়ে আসছেন। যেকোনো সময় জরুরি প্রয়োজনে জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারেন না তারা। প্রতিদিন এলাকার শত শত শিক্ষার্থীকে জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে নৌকায় যাতায়াত করতে হয়। এতে প্রায়ই ঘটে নানা দুর্ঘটনা। উত্তর সুরমা এলাকার রোগীদের সঠিক সময়ে চিকিৎসা দিতে নিয়ে আসতে পারেন না এলাকার লোকজন। এতে ঘটে রোগীর অবনতি। বক্তারা আরও বলেন, ‘আমাদের উত্তর সুরমার বিভিন্ন স্থানে রয়েছে প্রাকৃতিক সম্পদের ভান্ডার। এই সম্পদ থেকে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব পাচ্ছেন। আমাদের এই প্রাকৃতিক সম্পাদের যথাযথ সংরক্ষণ চাই। উন্নত বিশ্বে এবং ডিজিটাল বাংলাদেশে আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমাদের জীবনমানের উন্নয়নের জন্য সুরমা নদীর ওপর সেতু নির্মাণ চাই। এখন আমাদের জরুরি প্রয়োজন সেতু নির্মাণের জন্য জোর দাবি জানাই।’ শহরতলীর তিন ইউনিয়নের জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি জানান বক্তারা।

  • [১]