- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধাড়ারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের সম্ভাবনা তৈরি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরতলির সুরমা নদীর ধাড়ারগাঁও-হালুয়ারঘাটে সেতু নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মাসেই এই এলাকায় সেতু নির্মাণের সমীক্ষা কার্যক্রম চালানো হবে। সোমবার সন্ধ্যায় এলজিইডি’র সেতু নির্মাণ বিষয়ক প্রজেক্ট ডিরেক্টর (পিডি) আল্লাহ্ হাফেজ এই তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত. গত বছরের ১০  অক্টোবর সুনামগঞ্জের ধাড়ারগাঁওয়ের বাসিন্দা বাংলাদেশ     পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক  লাখ লাখ মানুষের গমনাগমনের এই পথে সেতু নির্মাণের দাবী বহুদিনের উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আধাসরকারি পত্র দিয়েছিলেন। ঐ চিঠিতে পিএসসির চেয়ারম্যান উল্লেখ করেছিলেন, এই সেতু নির্মাণ হলে সুনামগঞ্জ সীমান্তের ডলুরায় শুল্কস্টেশনের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থাও সমৃদ্ধ হবে।
মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়েছেন। এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ সরেজমিনে পরিদর্শনপূর্বক পরীক্ষান্তে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। পরে এই বিষয়ে যোগাযোগ সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও আধা সরকারি পত্র দিয়েছিলেন পিএসসির চেয়ারম্যান।
মঙ্গলবার বিকালে এলজিইডির সেতু নির্মাণ বিষয়ক পিডি আল্লাহ্ হাফেজ বলেন,‘পিএসসির চেয়ারম্যান মহোদয় আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে এর অগ্রগতি জানার জন্য ফোন দিয়েছিলেন। প্রধান প্রকৌশলীর নির্দেশে আমি এ বিষয়ে  সোমবার খোঁজ খবর নিয়েছি। এটি বলতে পারি আগামী মাসেই এই সেতু নির্মাণ বিষয়ে সমীক্ষা কার্যক্রম শুরু হবে।’

  • [১]