আকরাম উদ্দিন
শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ধূমপায়ীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এইসব ধূমপায়ীদের বেশিরভাগ পৌর এলাকার স্কুল ও কলেজের ক্লাশ বর্জনকারী শিক্ষার্থী। তাদের কাঁধে সাইট ব্যাগ, হাতে মোবাইল ফোন, পকেটে সিগারেট ও দিয়াশলাই। ফুটপাতের দোকান থেকে সিগারেট কিনে নির্জন স্থানে গিয়ে ধূমপান করে তারা।
প্রতিদিন সকাল বেলা স্কুল পালানো এসব শিক্ষার্থীদের লঞ্চঘাটে ভিড়ানো লঞ্চের ভেতরে দেখা যায়। একই স্থানে দুপুর বেলায় আরও কিছু শিক্ষার্থী ধূমপান করতে আসে। বিকালের গোধূলি সন্ধ্যায় আসে আরও কিছু শিক্ষার্থী।
এসব অপকর্মের প্রতিবাদে প্রায় সময় লঞ্চ স্টাফের সাথে মারামারির ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। কলেজে পড়–য়া নামধারী এসব শিক্ষার্থী লঞ্চ স্টাফের সাথে মারামারির সময় দাপট দেখাতে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের বড় বড় নেতাদের নাম ব্যবহার করে। গত বুধবারও লঞ্চের পন্টুনে এসব ধূমপায়ী শিক্ষার্থীর লঞ্চে উঠানামাকে কেন্দ্র করে লঞ্চ স্টাফের সাথে মারামারির ঘটনা ঘটেছে।
লঞ্চঘাটের রাস্তা দিয়ে প্রতিদিন লঞ্চযাত্রী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাতায়াত করে থাকেন। লঞ্চঘাটের স্কাউট অফিসের সামনে ধূমপায়ী শিক্ষার্থীরা সকাল-বিকাল আড্ডায় মেতে উঠে বলে অভিযোগ করেন স্কাউট অফিসের একাধিক ব্যক্তি।
স্কুল-কলেজ পালিয়ে বেড়ানো শিক্ষার্থীরা শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ ও জাদুঘরের পিছনে নির্জন স্থানে বসে ধূমপানে লিপ্ত থাকতে দেখা যায়। কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুম সংলগ্ন এলাকা ও মসজিদের সীমানা প্রাচীরের ভেতরের পুকুরপাড় এলাকায় বসে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ধূমপান করতে দেখা যায়।
পৌরসভার পিছনের পুকুরের ঘাট ও রাস্তা প্রায় সময় স্কুল পালানো শিক্ষার্থীদের দখলে থাকে। এসব শিক্ষার্থী এই রাস্তায় দাঁড়িয়ে স্কুলের সময় কাটায় এবং অন্যান্য শিক্ষার্থীদের স্কুল পালাতে উদ্বুদ্ধ করে। এই রাস্তায় স্কুলে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের প্রায়ই মারপিট করে থাকে স্কুল পালানো শিক্ষার্থীরা। গত জুলাই মাসে এমন মারামারির কয়েকটি ঘটনা ঘটেছে এই রাস্তায়। তবে স্কুলের শিক্ষকরা পালিয়ে থাকা শিক্ষার্থীর এসব মারামারির দায় বহন করেননি বলে জানান নির্যাতিত শিক্ষার্থীদের একাধিক অভিভাবক।
স্কুল চলাকালীন সময়ে উকিলপাড়ার সুরমা রিভার ভিউ এলাকায় স্কুল ও কলেজ পালানো শিক্ষার্থীদের ঘুরাফেরা করতে দেখা যায়। এসময় মেয়ে শিক্ষার্থীও দেখা গেছে। স্টেডিয়ামের রাস্তায়, হোসেন বখত চত্ত্বর এলাকায়ও মেলে স্কুল পালিয়ে বেড়ানো শিক্ষার্থীদের সন্ধান। স্কুল চলাকালীন সময়ে পৌর মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ঘুরাফেরা করতে দেখা গেছে।
স্কুল-কলেজ পালিয়ে বেড়ানো প্রায়ই শিক্ষার্থী নিমন্ত্রণ ছাড়াই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের উপর তলায় সিটে বসে আলাপে মেতে থাকে। এছাড়াও জাতীয় বা আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় বিভিন্ন মিলনায়তনে বসে এমন আলাপ করে তারা।
ইব্রাহীমপুর গ্রামের নজরুল হক বলেন, ‘আমার ছেলে এইচএমপি স্কুল থেকে বের হতেই কয়েকজন শিক্ষার্থী অতর্কিতভাবে হামলা করে মারপিট করে। আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। এরপর আমি এইচএমপি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানাই। তিনি বলেন, ‘ওরা আমার স্কুলে ছিল এখন আসে না। তাদেরকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছে।’
হাছননগর এলাকার বাসিন্দা অভিভাবক আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তানকে স্কুলে দিয়ে যাই পরে এসে আবার নিয়ে যাই। কিছু বখাটে ছাত্র আছে, এরা রাস্তায় চলাচলে নানা সমস্যা করে। তারা মনে হয় কোনো স্কুলের পালানো ছাত্র। তাদের হাতে মোবাইল ফোন থাকে, মাঝে মধ্যে সিগারেট টানতেও দেখা যায়।’
ধর্মপাশার লঞ্চ যাত্রী এহসানুল হক চৌধুরী আমিন বলেন, ‘৩-৪দিন আগে বিকাল বেলা আমার সামনে ছেলেরা যেভাবে লঞ্চের স্টাফের উপর চড়াও হয়েছিল তা দেখে অবাক হয়েছি, লঞ্চ স্টাফের অপরাধ ছিল লঞ্চে উঠতে ছেলেদের বাধা দেয়া। উগ্র ছেলেরা প্রতিদিন লঞ্চে উঠে ধূমপান করে। এভাবে মাধররের ঘটনা ঘটলে যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। লঞ্চঘাটের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি প্রয়োজন।’