- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজানে উত্তেজনা আগ্নেয়াস্ত্রের ব্যবহার গুলিবিদ্ধসহ আহত ২

বিশেষ প্রতিনিধি
ধোপাজান বালু-পাথর মহালে চাঁদাবাজি নিয়ে আবারও উত্তেজনা শুরু হয়েছে। ইউনিয়ন ট্যাক্সের অজুহাতে দুটি পক্ষ সোমবার সকালে এ মহালে চাঁদা আদায় করতে গেলে উত্তেজনা দেখা দেয়। এসময় দুই পক্ষে গুলাগুলি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিতে একজন আহত এবং ধারালো অস্ত্রের আঘাতে আরেক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম জানা যায়নি। ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তির নাম তৈইজুল হক (৩৫), বাড়ি-রহমতপুর, সুনামগঞ্জ সদর। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরমা ইউনিয়নের ট্যাক্স আদায়ের অজুহাতে ধোপাজান বালু-পাথর মহালের ৩ টি স্থানে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি হয়ে আসছে। এই চাঁদাবাজি নিয়ে প্রায়ই উত্তেজনা দেখা দেয়।
সম্প্রতি. ইউপি নির্বাচনের পর ইউপি চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় আবার এই নিয়ে বিরোধ দেখা দেয়। নতুন ইউপি চেয়ারম্যান শপথ নেবার আগেই দুই পক্ষ ইউনিয়ন ট্যাক্সের অজুহাতে সোমবার সকালে ধোপাজান নদীতে চাঁদাবাজিতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান, একপক্ষে ছিল আরপিননগরের ফরহাদসহ বেশ কিছু ছেলে। আরেকপক্ষে   জিয়াসহ তেঘরিয়ার ছেলেরা ছিল। এক পর্যায়ে দুই পক্ষে গুলাগুলিও হয়। একজন গুলিবিদ্ধও হয়। সংঘর্ষের সময় তৈইজুল হক (৩৫) নামের রহমতপুরের এক যুবক আহত হয়। তার মাথায় ও হাতে আঘাত রয়েছে।
সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন রেজা বলেন,‘ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার (বিগত মেয়াদের) শুনেছি ইউনিয়ন ট্যাক্সের নামে অবৈধভাবে ৮ লাখ টাকা নিয়ে নদীতে কোন কাগজপত্র ছাড়াই চাঁদাবাজির সুযোগ দিয়েছিলেন। এখন আবার নতুন ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার শপথের আগেই এটি আবার অবৈধভাবে লিজ দিয়েছেন। এই নিয়ে সকালে নদীতে দুই পক্ষে গুলাগুলি শুরু হয়। শ্রমিকরা দৌঁড়াদৌড়ি শুরু করে’।
নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ডিলার বলেন,‘ কাউকে চাঁদাবাজির সুযোগ দেবার প্রশ্নই উঠে না, আমি এ বিষয়ে কিছুই জানি না’। বিগত মেয়াদের ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘গুলাগুলি নয়, একপক্ষে গুলি হয়েছে শুনেছি, একজন গুলিবিদ্ধ হয়েছে বলে অনেকে জানিয়েছেন, কিন্তু কেউ আমাদের কাছে আসেনি, গুলিবিদ্ধ ব্যক্তিকে  সনাক্ত করা যায়নি’।

  • [১]