- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজানে চাঁদাবাজি নিয়ে আবারও সংঘর্ষ- গুলিবিদ্ধসহ আহত ৩

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধোপাজান বালু-পাথর মহালে চাঁদাবাজি’র ঘটনার জের ধরে আবারও গুলি হয়েছে। ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। এরা হলো- গুলিবিদ্ধ আহত আফজাল হোসেন (২৬), সে উত্তর আরপিননগরের নেছার উদ্দিনের ছেলে। অন্য আহতরা হলো- আরপিননগরের রুবেল মিয়া (২৪) ও মিজানুর রহমান (২৪)।
প্রসঙ্গত. ইউনিয়ন ট্যাক্সের অজুহাতে দুটি পক্ষ শহরতলির ধোপাজান নদীতে চাঁদাবাজি করে আসছে। এর আগে গত ২ মে নদীতে আধিপত্য রক্ষা নিয়ে দুই পক্ষের গুলাগুলি হয়েছিল। শুক্রবার বিকালে আরপিননগরের ফরহাদ পাশের মহল্লা তেঘরিয়ার সড়কে (সরকারি পুকুর পাড়ে) গেলে পূর্ব বিরোধের জের ধরে তেঘরিয়ার জিয়া সমর্থকরা ফরহাদকে মারপিট করে। পরে ফরহাদ সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি নিক্ষেপে জিয়া সমর্থক আফজাল হোসেন গুলিবিদ্ধ হয় এবং রুবেল মিয়া ও মিজানুর রহমান নামে আরো ২ জন আহত হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘গত ২ রা মে ধোপাজানের ঘটনার জের ধরেই শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, আফজাল হোসেন নামে ১ জন আহত হয়েছে’।

  • [১]