- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজানে দুই জায়গায় রয়েলিটি ব্যবসায়ীদের না দেয়ার সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি
জেলার সবচেয়ে বড় বালু-পাথর মহালে আধা কিলোমিটারের মধ্যে দুই ইজারাদারপক্ষ টাকা দাবি করায় রয়েলিটি দেওয়া বন্ধ করে দিয়েছেন বালু-পাথর ব্যবসায়ীরা। রোববার বিকাল থেকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ীরা রয়েলিটি না দিয়ে তাদের ২৫ টি বাল্কহেড এক সঙ্গে ছেড়ে যান এবং স্থানীয় কয়েক’শ ব্যবসায়ীও ট্রলারে করে ঐ বাল্কহেডগুলোর সঙ্গে সুরমা নদীর ৩ কিলোমিটার দূর পর্যন্ত যান। এসময় সুরমা নদীতে সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকারসহ পুলিশের একটি টহলদলও ছিল।
ব্যবাসায়ীরা জানান, গত ৩০ জুন থেকে ধোপাজান বালু-পাথর মহালে বেকায়দায় পড়েছেন তারা। দুটি ইজারাদারপক্ষ ওখানে রয়েলিটির নামে টাকা আদায় করায় দেশের বিভিন্ন অঞ্চলের বালু-পাথর ক্রেতারা সুনামগঞ্জে জাহাজ বা বাল্কহেড পাঠানো কমিয়ে দিচ্ছে। এই অবস্থায় গত সোমবার থেকে বুধবার পর্যন্ত স্থানীয় বারকী শ্রমিকরা নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধ রাখেন, ব্যবসায়ীরা বালু-পাথর কেনা বন্ধ রেখেছিলেন। মঙ্গলবার ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার ভূমি ও  জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে জানান,‘’ধোপাজান বালু-পাথর মহালে ‘এক মুরগি দুইবার জবাই করার অবস্থা’। এখানে দুটি স্থানে     রয়েলিটির নামে টাকা আদায় হচ্ছে। একটি স্থানের (আব্দুজ সেতুর আগে) রশিদে লিখা রয়েছে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধোপাজান নদীর বালু মিশ্রিত পাথর কোয়ারীর ইজারাদার শংকর চন্দ্র দাস গং’এর পারমিট বহি। আরেক স্থানে (ওয়েজখালির খেওয়াঘাটের আগে) হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৫৪৫৯/২০১৪’এর নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থার ও রিট পিটিশন নম্বর ২৩৩৩/ ২০১৫’এর (জঁষষ অনংড়ষঁঃব) আদেশের বলে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধোপাজান নদী বালু মহালের ১৪২৩ বাংলা সনের ইজারাদার তোফাজ্জল হোসেন’র পারমিট বহি।
এমন রশিদ দিয়ে গত ৩০ জুন থেকে প্রতি ফুট বালু থেকে ৭০ পয়সা এবং প্রতি ফুট পাথর থেকে ১ টাকা করে রয়েলিটির নামে টাকা আদায় করছে দুই পক্ষ। ৪ হাজার থেকে ২৮ হাজার ফুট বালু-পাথর বহন ক্ষমতা সম্পন্ন বাল্কহেড, কার্গো ও জাহাজ কর্তৃপক্ষ দুইবার রয়েলিটি দিয়ে এই এলাকা থেকে ছাড় পেতে হচ্ছে। দুই পক্ষেরই লাঠিয়াল বাহিনী রয়েছে। ভয়ে দুই পক্ষকেই টাকা দিচ্ছেন বালু-পাথর ক্রেতা-বিক্রেতারা।
এই অবস্থায় বিপদগ্রস্ত ব্যবসায়ীরা কেবল প্রশাসনকে অবহিত নয়, দফায় দফায় বৈঠকও করছেন। শনিবার সন্ধ্যায় সদরগড়ে বৈঠক করে ব্যবসায়ীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন, তারা কাউকেই রয়েলিটির নামে টাকা দেবেন না। রোববার সকাল থেকে ২৫ টির মতো ছোট বড় বাল্কহেড বালু-পাথর বোঝাই করে বেলা আড়াইটায় ছাড়ার পর আরও কয়েকটি ট্রলারে ওঠেন ব্যবসায়ীরাও। সব কয়টি বাল্কহেড ও জাহাজ এক সঙ্গে ছেড়ে আব্দুল জহুর সেতু ও ওয়েজখালী এলাকা পার করে দিয়ে আসেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী মাজাহারুল ইসলাম উকিল ও জুনেল আহমদ রাজরান বলেন,‘আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ক্রেতাও কমে যাচ্ছে, আমাদের সঙ্গে দুর্ব্যবহারের সীমা অতিক্রম হয়েছে, গত ৩০ জুন থেকে আধা কিলোমিটারের মধ্যে দুই স্থানে রয়েলিটি আদায় হচ্ছে। এটি সহ্য করার মত নয়। আমরা বলেছিলাম- আমরা বালু-পাথর বিক্রি করি, বাল্কহেড, জাহাজ, কার্গো চলুক, দুই পক্ষ লিখে রাখুক, প্রশাসন যাদের বৈধ বলবে, আমরা তাদেরকে রয়েলিটি দেব, তারা সেটিও মানেননি। এই অবস্থায় আমরা সহকারী কমিশনার ভূমি থেকে শুরু করে জেলা প্রশাসককে বিষয়টি জানিয়ে সোমবার থেকে বুধবার পর্যন্ত নদীতে ব্যবসা বন্ধ রেখেছি, তাও কাজ হয়নি। আজ আমরা সকল বাল্কহেড, জাহাজ ও কার্গো বোঝাই করে এক সঙ্গে ছেড়েছি, কয়েক’শ ব্যবসায়ী তাদের এগিয়ে দিয়ে এসেছেন, এসময় নদীতে সহকারী কমিশনার ভূমি এবং পুলিশের টহল দলও ছিল’।
সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার ভূমি মামুন খন্দকার বলেন,‘আমাদের কাছে খবর ছিল, বেশ কিছু বালু-পাথর বোঝাই বাল্কহেড নদীতে আটক আছে, যেতে পারছে না, পরে পুলিশসহ আমরা নদীতে গিয়ে তাদের ছেড়ে দেই, আমরা আড়াইঘণ্টা ওখানে ছিলাম, কেউ বালু-পাথর বোঝাই কার্গো, বাল্কহেড এবং জাহাজ যেতে বাধা দেইনি। বাধা দেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি। খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে যারা ইজারা নিয়ে এসেছে, তাদের নদীতে পেয়েছি, এরা রয়েলিটি তুলেছে কী না, আমার জানা নেই’।

  • [১]