- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজানে বৈধ ইজারাদার চিহ্নিত করার দাবি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার
জেলার সবচেয়ে বড় বালু-পাথর মহালে আধা কিলোমিটারের মধ্যে দুই পক্ষ টাকা দাবি করায় সোমবারও রয়েলিটি দেন নি বালু-পাথর ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সোমবার বৈধ ইজারাদার চিহ্নিত করে দেবার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ওসির কাছে লিখিত আবেদন করেছেন।
ব্যবাসায়ীরা জানান, জুনের প্রথম সপ্তাহ থেকে ধোপাজান বালু-পাথর মহালে বেকায়দায় পড়েছেন তারা। দুটিপক্ষ ওখানে    রয়েলিটির নামে টাকা আদায় করায় দেশের বিভিন্ন অঞ্চলের বালু-পাথর ক্রেতারা সুনামগঞ্জে জাহাজ বা বাল্কহেড পাঠানো কমিয়ে দিচ্ছে।
এই অবস্থায় বিপদগ্রস্ত ব্যবসায়ীরা কেবল প্রশাসনকে অবহিত নয়, দফায় দফায় বৈঠকও করছেন। শনিবার সন্ধ্যায় সদরগড়ে বৈঠক করে ব্যবসায়ীরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন, তারা কাউকেই রয়েলিটির নামে টাকা দেবেন না। রোববার সকাল থেকে ২৫ টির মতো ছোট বড় বাল্কহেড বালু-পাথর বোঝাই করে বেলা আড়াইটায় ছেড়ে যায় এবং কয়েকটি ট্রলারে ওঠেন ব্যবসায়ীরাও, সব কয়টি বাল্কহেড ও জাহাজ এক সঙ্গে ছেড়ে আব্দুল জহুর সেতু ও ওয়েজখালী এলাকা পাড় করে দিয়ে আসেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নদীতে রয়েলিটি’র নামে দুইবার টাকা উত্তোলন করায় তারা সংকটে রয়েছেন বলে লিখিতভাবে জানান।  সোমবার বিকালেও আগের দিনের মতো রয়েলিটি না দিয়ে ১৫ টি বাল্কহেড, কার্গো ও জাহাজ সুরমা নদীর ওয়েজখালী ঘাট পাড় করে দিয়ে আসেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান বলেন, ‘জ্বালানী ও খনিজ সম্পদ ব্যুরোর নির্দেশে শংকর চন্দ্র দাস গংদের আমরা ধোপাজানের দখল বুঝিয়ে দিয়েছি, অন্য কারো কাছ থেকে কোন রাজস্ব নেয়া হয়নি। অন্য কেউ রাজস্ব আদায়ের চেষ্টা করলে সেটি বেআইনি হবে’।

  • [১]