স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি পার্শ্ববর্তী ধোপাজান বালু-পাথর মহাল থেকে দুটি বালু বোঝাই বাল্কহেড ও দুটি অবৈধ স্যালো মেশিন আটক করেছেন জেলা প্রশাসক। এসময় ঐ বাল্কহেডে থাকা ৪ শ্রমিককে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রেখে পুলিশ আসা পর্যন্ত দেখে রাখার নির্দেশ দিলেও পুলিশ এসে ঐ ৪ শ্রমিককে ঘটনাস্থলে পায়নি। এরা বাল্কহেড ও স্যালু মেশিন রেখেই পালিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম তাহিরপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় চিনাকান্দি বাজার পার্শ্ববর্তী ধোপাজান নদীতে দুটি বালু বোঝাই বাল্কহেড ও দুটি স্যালো মেশিন দেখতে পেয়ে বাল্কহেডে থাকা ৪ শ্রমিক এবং বাল্কহেডগুলোকে আটক করেন। এই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা জমির হোসেনকে জেলা প্রশাসক বলেন, ‘পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা না আসা পর্যন্ত বাল্কহেড এবং এই ৪ শ্রমিককে দেখে রেখে সহায়তা করবেন আপনি।’
কিন্তু পুলিশ এসে বালু বোঝাই ২ বাল্কহেড ও স্যালো মেশিন আটক করলেও ৪ শ্রমিককে আটকাতে পারেনি।
স্থানীয় বাসিন্দা জমির হোসেন এ প্রসঙ্গে বলেন,‘ জেলা প্রশাসক স্যার বলেছেন, আমি সাধারণ মানুষ হলেও বাল্কহেড ও স্যালো মেশিন আটকে রেখেছি। ঐ সময় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, হাবিবুর রহমান এবং ২ জন পুলিশ সদস্যও এসেছিলেন। তাদের সামনেই বাল্কহেড’র লোকজন সটকে পড়েছে। আমার কী করার আছে এখানে।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন এ প্রসঙ্গে বলেন,‘আমরা গিয়ে বাল্কহেড ও স্যালো মেশিন জব্দ করেছি। কোন লোক পাওয়া যায়নি। এ ব্যাপারে নিয়মিত মামলা নেওয়া হবে।’