- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজান চলতি নদীর পরিবেশগত প্রতিক্রিয়াকে আমলে নিন

ফুট গভীরতা ও গড়ে ২০০ ফুট প্রশস্ততা ছিলো যে নদীটির সেই নদীর গভীরতা এখন ৬০ ফুট আর প্রশস্ততা প্রায় ১ কিলোমিটার। এমনই দাবি করেছেন পরিবেশ বিষয়ক সুনামগঞ্জের একটি সংগঠন জেলা পরিবেশ সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। রবিবার এই সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ধোপাজান চলতি নদীতে অবৈধ ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়ে এলাকার পরিবেশ রক্ষা তথা এই খাতে নিয়োজিত কয়েক হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষার আবেদন জানিয়েছেন। সংগঠনটি এই মর্মে উদ্বেগ প্রকাশ করেছে যে, এই অবৈধ ড্রেজার ও বোমা মেশিন অচিরেই বন্ধ না করা হলে ধোপাজান চলতি নদী তীরবর্তী বিশাল অঞ্চল ও লোকালয় বিলীন হয়ে যেতে পারে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি. মসজিদ, বিদ্যালয় ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে পড়েছে বলে সংগঠনটি দাবি করেছে। তাদের এই দাবি বাস্তবতার আলোকে একেবারেই যথাযথ এবং সুনামগঞ্জবাসী মাত্রই ধোপাজান চলতি নদীর এই অবস্থা সম্পর্কে অবগত। স্থানীয় শ্রমিক সংগঠন, এলাকাবাসী ও শ্রমিকরা ক্রমাগত পরিবেশ বিধ্বংসী এই প্রপঞ্চের বিরুদ্ধে প্রশাসনের নিকট দাবি জানিয়ে আসলেও এতে কার্যত কোন বিশেষ প্রতিকার হচ্ছে না। একটি বিশাল এলাকা বিলীন হওয়ার পর কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গবে নাকি এই ঘুম না ভাঙ্গার পিছনে অন্য কোন কারণ রয়েছে সেই প্রশ্ন তুলছেন আজকাল অনেকেই। বলাবাহুল্য এই প্রবণতা সাম্প্রতিক সময়ের নয়। এটি এই এলাকার সনাতন সমস্যা। ধোপাজান চলতি নদীকেন্দ্রীক বালু-পাথর আহরণক্ষেত্র ইজারাদারি ও তৎপ্রেক্ষিতে উপজাত এইসব ধ্বংসলীলা বহু পুরাতন সমস্যা। এর বিরুদ্ধে শ্রমিক ও সাধারণ মানুষের মনোভাবও সমান পুরাতন। কিন্তু অবস্থার তেমন কোন গুণগত পরিবর্তন হয় নি, হচ্ছে না। কখন পরিবর্তন ঘটবে সেটিও আমরা বলতে পারছি না। কিন্তু যাদের জীবন-জীবিকা এই ক্ষেত্রের উপর নির্ভরশীল যারা এই এলাকার বাসিন্দা তাদের জন্য এটি প্রতিক্ষণের চিন্তার বিষয়। দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়াজনিত কারণে পুরো সুনামগঞ্জ অঞ্চলের জন্যই এই সমস্যাটি একটি বড় ক্ষত।
শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালু পাথর আহরণ করলে কখনও নদীর গভীরতা ও প্রশস্ততা এতোটা বর্ধিত হতো না। সম্পদ আহরণ, রাজস্ব প্রাপ্তি ও অসংখ্য মানুষের জীবন-জীবিকা এর মধ্য দিয়ে নিশ্চিত হতো। কিন্তু বাদ সেধেছে উদগ্র লোভ। এখানকার নিয়ন্ত্রকরা অল্পসময়ে বেশি লাভ নিজেদের থলিতে তুলতে ব্যাকুল। তারা যত বেশি পারেন বালু-পাথর আহরণে উৎসাহী। বেশি বেশি আহরণ আর বেশি বেশি টুল আদায় এই নীতির কারণে আজ এই সম্পদভা-ারটি একটি এলাকাকে গিলে খাওয়ার বিশাল হাঙরে পরিণত হয়েছে। বেশি করে বালু-পাথর আহরণ করতে যত্রতত্র ড্রেজার ও বোমা মেশিন ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা স্থায়ীভাবে কার্যকর হচ্ছে না। মাঝে মধ্যে যেসব ব্যবস্থা যেমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় তার মাধ্যমে সাময়িকভাবে কিছুটা ফলোদয় ঘটলেও অল্প সময়ের ব্যবধানে আবারও যেই কে সেই অবস্থা হয়ে যায়।
সরকার ভালভাবেই এই অবস্থা সম্পর্কে অবগত আছে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিবেশগত বিপন্নতা সম্পর্কে সরেজমিন পরিদর্শন করে সতর্কবাণী উচ্চারণ করেছে। এখন দরকার সমস্যার স্থায়ী সমাধানকল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার একটি বড় ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি। রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছার সাথে যদি প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ঘটানো যায় তাহলে সুনামগঞ্জ অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশগত বড় এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

  • [১]