- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজান মহাল থেকে বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্গত ‘ধোপাজান’ চলতি নদী বালু-পাথর মহালে অবৈধভাবে নদীর পরিবেশ ধ্বংসকারী ড্রেজার-বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে বালু-পাথর উত্তোলন বন্ধের দাবি জানানো হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন, সুনামগঞ্জ জেলা পরিবেশ সংরক্ষণ পরিষদের আহবায়ক জসীম উদ্দিন দিলীপ ও যুগ্ম আহবায়ক এ.কে.এম আবু নাছার।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ধোপাজান বালু-পাথর মহালটিতে গত প্রায় ৫-৬ বৎসর যাবৎ অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের কারণে নদীর পরিবেশের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। এক সময় যে নদীর গড়     গভীরতা ছিল প্রায় ৩ ফুট এবং গড় প্রশস্ততা ছিল ২০০ ফুট, সেই নদীর বর্তমান গভীরতা প্রায় ৬০ ফুট এবং প্রশস্ততা প্রায় ১ কিলোমিটার আকার ধারণ করেছে। যার ফলে অসংখ্য ঘরবাড়ি, মসজিদ, বিদ্যালয়, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং হচ্ছে।
এই নদী থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নির্দেশনা থাকা স্বত্ত্বেও প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। কিছুদিন অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ থাকার পর গত ১ জুলাই থেকে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আবার ড্রেজার-বোমামেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন শুরু হয়েছে। ড্রেজার বা বোমামেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের কারণে সাধারণ শ্রমিকরা বালতি দিয়ে বালু-পাথর উত্তোলন করতে পারছে না। তাই হাজার হাজার অসহায় শ্রমিক বেকার ও নিদারুণ অবস্থায় দিনাতিপাত করছে।

  • [১]