স্টাফ রিপোর্টার
শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। উত্তর নতুন পাড়া আবাসিক এলাকার ঠিকাদার শাহ আলমের নিলয় ৩৮ নং বাসায় এই ঘটনা ঘটে। বাসার পেছনের জানালার গ্রিল ভেঙ্গে নগদ টাকা, ৮-১০ ভরি স্বর্নালংকার, মোবাইল ফোনসহ কয়েক কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। সন্ধ্যা ৭ টা থেকে রাত সোয়া ৮ টার ভেতর এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বাসার মালিক ঠিকাদার শাহ আলম জানান, তার স্ত্রী সন্তানেরা শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। তিনি সন্ধ্যা ৭ টার সময় বাসার দরজা-জানালা তালাবদ্ধ করে ঠিকাদারী প্রতিষ্ঠানের অফিসে চলে যান। রাত সোয়া ৮ টায় বাসায় ফিরে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজার ফাঁক দিয়ে দেখতে পান ঘরের ভেতর আলো জ্বলছে। পরে পেছনের খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন তিনি।
শাহ আলম বলেন,‘চোরেরা বাসার পেছনের জানালার গ্রিল ভেঙ্গে ঢুকে সকল আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র নিয়ে গেছে। আলমিরা ভেঙ্গে সব জিনিসপত্র তছনছ করে সারা বাসা জুড়ে ফেলে রেখে গেছে। কোন সময় কল্পনাও করিনি সন্ধ্যার সময় এতবড় চুরির ঘটনা ঘটবে।’
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।