- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন কর্মসূচি ১৪ দলের জঙ্গিবাদের নেপথ্যে বিএনপি জামায়াতের প্ররোচণা -নাসিম

সু.খবর ডেস্ক
জঙ্গিবাদের নেপথ্যে বিএনপি-জামায়াতের প্ররোচণা রয়েছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
নাসিম বলেন, বিএনপি-জামায়াতের প্ররোচণায় কতগুলো জঙ্গি দল দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে।
এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দুই দিনের কর্মসূচি ঘোষণা করে ১৪ দল। এর মধ্যে ২১ জুলাই নারী সমাবেশ ও ৩০ জুলাই অভিভাবক সমাবেশ করবে তারা।
এছাড়া জনসচেতনা বাড়াতে ২৪ জুলাইয়ের পরে রংপুর, পঞ্চগড়, বগুড়া ও সিরাজগঞ্জের পাড়া-মহল্লায় জনসংযোগ করবে ১৪ দল।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারেক রহমানের কর্মচারী পরিচয়ে খালেদা জিয়াকে গুলশান হামলার দিন পাকিস্তান ও লন্ডন থেকে টেলিফোন করা হয়- হামলার ঘটনায় খালেদা জিয়া জড়িত এটা কি প্রমাণ করে না?’
খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) প্রথম দিন জাতীয় ঐক্য কথা বললেন। দুদিন পর বললেন, এই সরকার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। তাহলে কি আপনার নির্দেশে এই হামলা?’
এদিকে বৃষ্টির কারণে ১৪ দলের সমাবেশে বিশৃংখলা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাতে জেগে জঙ্গি দমন করেন আর আমরা একটা দিন কষ্ট করতে পারছি না। আমাদের ছেলেরা জীবন দিচ্ছে, পুলিশ মারা যাচ্ছে। আর আমরা এখানে দাড়িয়ে বিশৃংখলা সৃষ্টি করছি।’
নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা এখানে বসবেন বসেন, না হলে চলে যান। আমারা এখানে খেলা করতে আসি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছি।’
বিকাল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সূচনা বক্তব্যের মাধ্যমে সমাবেশ শুরু হয়। কয়েকজন বক্তার বক্তব্যের পর বৃষ্টির কারণে নেতাকর্মীরা চলে যেতে থাকেন। এ সময় হঠাৎ সভাপতির আসন ছেড়ে নেতাকর্মীদের উদ্দেশে এ সব কথা বলেন নাসিম।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন, বিএনএ’র চেয়ারম্যান নাজমুল হুদা প্রমুখ।
এর আগে ১৪ দলের এ সমাবেশকে কেন্দ্র আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করে আইন-শৃংখলা বাহিনী। রাজধানীর দোয়েল চত্বর থেকে কাঁটাতারের ব্যারিকেড দেয়া হয়। সেখানে অবস্থান নেয় শতাধিক পুলিশ সদস্য।
টিএসসির মোড় থেকে ডাসের সামনে দিয়ে শহীদ মিনারে যাওয়ার রাস্তাতেও ব্যারিকেড দেয়া। সেখানেও রয়েছে পুলিশি প্রহরা।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যারা ব্যাগ নিয়ে ওই পথে যাচ্ছেন, তা চেক করা হচ্ছে।

  • [১]