- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন রাস্তার গালা তুলে শিশুরা

শহীদ নূর আহমেদ
দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের ৩ দিনের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট-মঙ্গলকাটা সড়কের বিটুমিনের কার্পেটিং উঠে যাচ্ছে। অভিযোগ উঠেছে নি¤œমানের গালা ব্যবহার, ব্যবহার অনুপযোগী পাথর, অপরিচ্ছন্ন রাস্তায় ঢালাই করা, স্বল্প পরিমাণ তেলের ব্যবহার, স্যাঁতস্যাঁতে রাস্তায় কাজ করাসহ কাজে নানা অনিয়ম দুর্নীতির কারণে মাত্র কয়েক দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে।
এলজিইডির বাস্তবায়নাধীন ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে দুইটি প্রকল্পে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট- মঙ্গলকাটা সড়কে নির্মাণাধিন কাজের এমন দশা। তবে রাস্তার কাজ নিয়ম মোতাবেক হচ্ছে বলে দাবি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ও সদর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ।
স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে এমন অভিযোগের বিষয়টি আমল নিচ্ছেন না এলজিইডি কর্তৃপক্ষ। তবে ইঞ্জিনিয়ারের নির্দেশনা মোতাবেক কাজ করা হয়েছে বলে দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের। এদিকে কার্পেটিং উঠা নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করায় সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এখন কার্পেটিং এর উপযুক্ত সময় নয় বলে আগস্টের দিকে ফের কার্পেটিং এর  কাজ করা হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
জানা যায়, দীর্ঘদিন ভোগান্তির পর ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে দুইটি প্রকল্পে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ার ঘাট- মঙ্গলকাটা সড়কের কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। হালুয়ারঘাট থেকে বেরিগাঁও পর্যন্ত ২ কিলোমিটার  সড়কে ১ কোটি ৫৪ ব্যয়ে  প্রকল্পের কাজ করছে মের্সাস আকবর আলী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। অন্যদিকে বেরিগাঁও থেকে মঙ্গলকাটা বাজার পর্যন্ত ২ কিলোমিটারের অধিক সড়কে ১ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ করছে মল্লিক এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারী প্রতিষ্ঠান। চলতি বছরের মার্চের শুরুর দিকে প্রকল্প দুইটির কাজ শুরু হয়। যার মেয়াদ কাল ধরা হয়েছে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত। হালুয়ারঘাট থেকে বেরিগাঁও পর্যন্ত দুই কিলোমিটার সড়কে চলছে নিরাপত্তা দেয়ালের কাজ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহ খানেক     
আগে বেরিগাঁওয়ের মুগাই নদীর ব্রীজ থেকে শফিকুল ইসলামের বাড়ি পর্যন্ত ১৫০ মিটার সড়ক বিটুমিনের কার্পেটিং ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের তিন দিন পরও শক্ত হয়নি কার্পেটিং। ছোটখাটো যানবাহন চলাচলের সময় চাকার সাথে উঠে আসছে নতুন ঢালাইকৃত বিটুমিনের কার্পেটিং। শনিবার দুপুরে সরেজমিনে গিয়েও পাকা সড়কে বিটুমিন উঠে যাওয়ার দৃশ্য দেখা গেছে। প্রতিবেদকের সাথে আলাপকালে নানা অনিয়ম-দুর্নীতির কথা জানান স্থানীয় লোকজন। স্থানীয়রা জানান, এই রাস্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলে নানা অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।
বেরিগাঁও পারবর্তীপুরের জহিরুল ইসলাম বলেন,‘ কয়েকদিন আগে সকালে দেখলাম বাচ্চারা রাস্তার গালা তুলে খেলা করছে। কাছে গিয়ে দেখি মত্রি ৩ দিন আগে যে ঢালাই করা হয়েছে তা হাত দিয়ে তুলছে স্থানীয় কিছু যুবক ও বাচ্চারা। নি¤œমানের কাঁচামাল ও ব্যবহার অনুপযোগী পাথর ব্যবহারের ফলে এমনটা হয়েছে। আমরা কয়েকজন এ বিষয়ে ঠিকাদারের সাথে কথা বলতে চাইলে তারা আমাদের দলীয় প্রভাব দেখিয়ে দমাতে চায়। গ্রামের মানুষ প্রতিবাদ করায় ঠিকাদার কাজ বন্ধ করে রাখছে। আমাদের বিরুদ্ধে মামলা হামলার ভয় দেখাচ্ছে।’
তোফাজ্জল হোসেন নামে আরেক ব্যক্তি বলেন,‘ ঢালাইয়ে ১ ইঞ্চি মাপের ভুতা ভাঙ্গা পাথর ব্যবহার করা হয়েছে। তাই গালার সাথে পাথরের মিশ্রণ হয়নি। এসব ঢালাইয়ে চীপ পাথর ব্যবহার করা দরকার। ঢালাইয়ের স্থানও পরিস্কার করা হয়নি। ধুলা-বালির মধ্যেই সামান্য পরিমাণ তেল ঢেলে কার্পেটিং করা হয়েছে। তাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করা হলে তারা ইঞ্জিনিয়ারের পরামর্শে এই কাজ করছেন বলে আমাদের জানান। তাই এখনও রাস্তায় হাত দিলে ঢালাই উঠে যাচ্ছে।
শফিকুল ইসলাম নামে আরেক ব্যাক্তি বলেন,‘ দুই দিন হইল না রাস্তার কার্পেট উটি যার। ইতা কি জাত কাজ করছে কনটেকটার।  এত দিন কষ্ট করে চলাচল করতে হয়েছে আমাদের। কাজের মান ভাল না করে লামছাম কাজ করলে তো আমরার অবস্থা আগের মতই অইব। প্রতিবাদ করলে এলাকার ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজী মামলার হুমকি দেয় তারা।
কাজের অনিয়ম-দুর্নীতির বিষয়ে মেসার্স আকবর আলী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটার আবু হানিফ বলেন,‘ আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করেছি। কাজের পরীক্ষা করার জন্যে স্বল্প পরিমাণ সড়ক ঢালাই করেছি। কিন্তু বৃষ্টির দিন, তাই সময় উপযোগি না হওয়ায় আমরা কাজ বন্ধ করে দিছি। কার্পেট উঠে যাওয়ার কারণ জানতে চাইলে আবু হানিফ বলেন,‘ কাজে কোন অনিয়ম হয়নি। স্থানীয়রা শাফল দিয়ে রাস্তার ঢালাই তুলে ফেলছে। আমি এলাকার ছেলে, আমি কাজের মান বুঝি এবং কাজ ভাল ভাবেই করছি।’
সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন,‘ রাস্তা নির্মাণ কাজে কোন অনিয়ম হচ্ছে না। ঢালাইয়ের সময় বৃষ্টি হয়েছে। গালার প্রধান শত্রু হচ্ছে বৃষ্টি, তাই ঢালাই কার্যকর হয়নি। আমি ঢালাই উঠার খবর পেয়ে সড়ক পরিদর্শন করেছি। বৃষ্টি হওয়ায় কাজ বন্ধ করা হয়েছে। আগস্টের দিকে আবার কাজ শুরু হবে।’
কাজের মেয়াদ সময় সম্পর্কে তিনি বলেন, চলতি মাসের ৩০ তারিখ প্রকল্পের মেয়াদ শেষ হবে। আমরা প্রকল্পের সময় বাড়ানোর জন্যে উধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’

  • [১]