- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন রূপরেখা পেশ, সংলাপের আহ্বান দুই কক্ষবিশিষ্ট সংসদের ঘোষণা খালেদা জিয়ার

সু.খবর ডেস্ক
বাংলাদেশের উন্নয়ন নিয়ে রূপকল্প-২০৩০ প্রণয়ন করছে বিএনপি। সেই রূপকল্পের সারকথা তুলে ধরলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি চায় বাংলাদেশের জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট- উচ্চ ও নিম্নকক্ষ। ক্ষমতায় গেলে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করে এ কথা বলেন খালেদা জিয়া।
বক্তব্যের শুরুতে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে অবদান রাখায় ভারতসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বলেন, এই কাউন্সিল থেকে জাতীয় জীবনে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর আভাস আনতে হবে। জিয়াউর রহমান জনগণের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করার যে ধারার সূচনা করেছিলেন, তা এখন বিএনপিই পারে এগিয়ে নিয়ে যেতে।
বর্তমানে দেশে গণতন্ত্র নেই অভিযোগ করে বিএনপির প্রধান বলেন, এই নষ্ট রাজনীতি থেকে দেশকে বের করে না আনলে দেশ অন্ধকারে চলে যাবে।
খালেদা জিয়া জানান, শিগগিরই ভিশন ২০৩০ পরিকল্পনা চূড়ান্ত হবে। সব মত ও পথকে নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হবে।
খালেদা জিয়া বলেন, পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ। মেধা, দক্ষতা, অভিজ্ঞতা হবে সামরিক ও বেসামরিক প্রশাসনের মাপকাঠি। রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা সুরক্ষার লক্ষ্যে প্রতিরক্ষা বাহিনীকে সংগঠিত, সুসজ্জিত করে গড়ে তোলা হবে।
এ ছাড়া স্থানীয় সরকারব্যবস্থাকে ক্ষমতায়িত করা হবে এবং এই ক্ষমতা গ্রামকেন্দ্রিক হবে বলে জানান খালেদা জিয়া। তিনি বলেন, দেশে ন্যায়পাল পদ সৃষ্টি করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা তদারকি করা হবে।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি সবচেয়ে বেশি সক্রিয় বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।
ভিশন ২০৩০
দলের নেতাকর্মীরা আগেই জানিয়েছেন, বিএনপির সামনের রাজনীতির দিকনির্দেশনার জন্য এ কাউন্সিল গুরুত্বপূর্ণ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে এসেছে এ রকমই একটি দিকনির্দেশনা। খালেদা জিয়া একে বলেছেন ‘ভিশন ২০৩০’। তিনি তাঁর বক্তব্যে জানান, এ ব্যাপারে খসড়া করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত হবে ভিশন ২০৩০। তবে এতে কী আছে তার একটি ধারণা দেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ মধ্যম আয়ের দেশ। মাথাপিছু আয় হবে পাঁচ হাজার ডলার।’ তিনি আরো বলেন,  ‘আমরা গণতন্ত্র ও উন্নয়নকে বিকল্প নয় পরস্পরের সম্পূরক মনে করি।’
খালেদা জিয়া বলেন, ‘সুনীতি, সুশাসন ও সুসরকার এ থ্রিজি বাস্তবায়ন করতে চাই।’
ভিশন ২০৩০ সম্পর্কে ধারণা দিতে গিয়ে খালেদা জিয়া জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো হবে, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে, সাংবিধানিক পদে নিয়োগে সংস্কার করা হবে, ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে যাব, দেশ থেকে নিরক্ষরতা দূর করা হবে, মেধাবীদের জন্য বিশেষ তহবিল করা হব, বিএনপি অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, প্রবৃদ্ধির জন্য যথাযথ বিদ্যুৎ উৎপাদন করা হবে।
ঐক্যের আহ্বান
খালেদা জিয়া বলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, অতীতে বিএনপি ভবিষ্যৎমুখী ইতিবাচক রাজনৈতিক ধারার নেতৃত্ব দিয়েছে। এখন বিএনপিই পারে এ ধারা এগিয়ে নিয়ে যেতে। তিনি আরো বলেন, একটি অসাম্প্রদায়িক, সুসংহত জাতি গড়াই বিএনপির লক্ষ্য।
খালেদা জিয়া বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাউকে হেনস্তার শিকার হতে হবে না। আওয়ামী লীগের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘সংযমী, শুভবুদ্ধিসম্পন্ন হোন।’

  • [১]